সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬   |   ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ইহুদি সম্প্রদায়ের একটি বিশেষায়িত স্কুলে শনিবার (১৪ মার্চ) ভোরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্কুল ভবনের বাইরের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি নেদারল্যান্ডসে অর্থডক্স ইহুদিদের জন্য একমাত্র বিশেষায়িত স্কুল, যা আগে থেকেই উচ্চ নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা ছিল।

আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি একে ‘ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত এবং কাপুরুষোচিত হামলা’ বলে অভিহিত করেছেন। মেয়র বলেন, “আমস্টারডামে ইহুদি সম্প্রদায় ক্রমেই বিদ্বেষের মুখোমুখি হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।” তিনি শহরের সব ইহুদি প্রতিষ্ঠানে নিরাপত্তা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন।

এই বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা আগে শুক্রবার রাতে রটারডামের একটি সিনাগগে অগ্নিসংযোগ করা হয়। তার আগে সোমবার প্রতিবেশী বেলজিয়ামের লিয়েজ শহরেও একই ধরনের হামলার ঘটনা ঘটে। গোয়েন্দা বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধের প্রতিক্রিয়ায় বিশ্বজুড়ে ইহুদি লক্ষ্যবস্তুগুলোতে হামলার ঝুঁকি এখন চরমে।

স্কুলটি আগে থেকেই বিভিন্ন হুমকির মুখে থাকায় চারপাশে ধারালো ধাতব বেষ্টনীযুক্ত দেয়াল দিয়ে ঘেরা ছিল। আজকের এই বিস্ফোরণের পর পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং ফরেনসিক আলামত সংগ্রহ করছে। ডাচ নিরাপত্তা সংস্থাগুলো এখন দেশজুড়ে ধর্মীয় উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাড়তি পুলিশ ও সামরিক প্রহরা মোতায়েন করেছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version