শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬   |   ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গাড়ির ইঞ্জিন বগিতে ভয়াবহ আগুনের ঝুঁকির আশঙ্কায় স্পেনজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে অটোমোটিভ জায়ান্ট স্টেলান্টিস। গ্রুপটি জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে স্পেন থেকে অন্তত ৭৭,৫০০টি যানবাহন স্বেচ্ছায় বাজার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। 

২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে তৈরি হওয়া জনপ্রিয় ব্র্যান্ড পিউগট, সিট্রোয়েন, ওপেল, ল্যানসিয়া, আলফা রোমিও, জিপ এবং ফিয়াট—এই প্রতিটি ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু মডেল এই বিপত্তির তালিকায় রয়েছে। জার্মানির ফেডারেল মোটর ট্রান্সপোর্ট অথরিটির মতে, একই যান্ত্রিক গোলযোগের কারণে বিশ্বজুড়ে প্রায় ৭ লাখ হাইব্রিড গাড়ি ফিরিয়ে নিচ্ছে এই নির্মাতা সংস্থা।

স্টেলান্টিস জানিয়েছে, সমস্যাটি সরাসরি ইঞ্জিনের নয়, বরং পেট্রোল পার্টিকুলেট ফিল্টার পাইপ এবং জেনারেটরের প্রতিরক্ষামূলক কভারের মধ্যকার দূরত্বের। এই ত্রুটির কারণে বিশেষ করে আর্দ্র বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় ইঞ্জিন বগি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, যা থেকে যেকোনো সময় আগুন লাগার মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটা সম্ভব। 

তবে আশার কথা হলো, ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের জন্য এই মেরামত সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। মাত্র ৩০ মিনিটের একটি সার্ভিসিংয়ের মাধ্যমে জেনারেটরের কভারটি বদলে আরও নিরাপদ করে দেওয়া হবে। কোম্পানিটি ইতোমধ্যে গ্রাহকদের তাদের নিকটস্থ ডিলারের সাথে যোগাযোগ করে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ জানিয়েছে। বিদেশের রাস্তায় যারা এই ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি চালাচ্ছেন, তাদের জন্য এই খবরটি একটি বড় সতর্কবার্তা।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version