শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬   |   ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের সেউতার এল প্রিন্সিপে এলাকায় একটি বাড়ি থেকে ৭৪ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির জাতীয় পুলিশ। গত মঙ্গলবার চালানো অভিযানে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। তারা অতিরিক্ত ভিড় ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছিল।

এ ঘটনায় স্থানীয় এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি অপরাধী চক্রের নেতা বলে সন্দেহ করছে পুলিশ। চক্রটি অনিয়মিত অভিবাসনে সহায়তাসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে।

পুলিশের তদন্তে অনিয়মিত অভিবাসনে সহায়তা, শ্রমিকদের অধিকার লঙ্ঘন, শারীরিক আঘাত এবং অপ্রাপ্তবয়স্কদের শ্রমশোষণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, ওই বাড়িতে থাকা কয়েকজন অপ্রাপ্তবয়স্ক শারীরিক নির্যাতনের শিকার হয়ে থাকতে পারে। এর মধ্যে কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনাও রয়েছে। অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্কদের বিভিন্ন কাজ করতে বাধ্য করা হয়েছিল কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। অভিযোগ, তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে শ্রমশোষণ করা হয়ে থাকতে পারে।

এল প্রিন্সিপে এলাকায় বড় পুলিশি অভিযান

এলাকাটির জটিল পরিস্থিতি এবং সন্দেহভাজন চক্রের সদস্যদের সম্ভাব্য বিপদের কারণে অভিযানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। জাতীয় পুলিশের ভাষ্য, চক্রটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অপরাধের রেকর্ড রয়েছে।

উদ্ধার হওয়া ৭৪ জনের মধ্যে ৫৪ জন পুরুষ, ১০ জন নারী এবং ১০ জন সঙ্গীহীন বিদেশি অপ্রাপ্তবয়স্ক রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অনিয়মিত অভিবাসনে সহায়তা, শ্রমিকদের অধিকার লঙ্ঘন, অপ্রাপ্তবয়স্ককে আহত করা এবং অপ্রাপ্তবয়স্কদের শ্রমশোষণের অভিযোগ রয়েছে।

অভিবাসীদের শিবির উচ্ছেদের পর অভিযান জোরদার

সেউতার বেনিতেজ সৈকত ও এল ত্রাম্পোলিন এলাকায় অভিবাসীদের অস্থায়ী বসতি উচ্ছেদের পর শহরটিতে পুলিশের তৎপরতা বেড়েছে। ধারণা করা হচ্ছে, এসব শিবির থেকে উচ্ছেদ হওয়া কিছু অভিবাসী শহরের অন্য এলাকায়, বিশেষ করে এল প্রিন্সিপে এলাকায় চলে গেছেন।

এ পরিস্থিতিতে এলাকাটির আশপাশে ও ভেতরে নজরদারি এবং অভিযান অব্যাহত রেখেছে জাতীয় পুলিশ।

তদন্তাধীন চক্রটির রসদ ও অন্যান্য সহায়তাব্যবস্থাও অভিযানের লক্ষ্য। অভিযোগ রয়েছে, চক্রটি বিপুলসংখ্যক মানুষকে একটি জায়গায় রাখত এবং পরে তাদের স্পেনের মূল ভূখণ্ডে অনিয়মিতভাবে পাঠানোর ব্যবস্থা করত।

আন্দালুসীয় উপকূলের বিভিন্ন পুলিশ ইউনিট, কেন্দ্রীয় পুলিশ বিভাগ এবং অভিবাসী পাচারবিরোধী কার্যক্রমে নিয়োজিত সরকারি কৌঁসুলির দপ্তরের সঙ্গে সমন্বয় করে তদন্তটি পরিচালনা করা হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version