শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬   |   ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে ইউরোপীয়দের ১০০ বিলিয়ন ইউরোরও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তাঁর মতে, যুদ্ধের অর্থনৈতিক বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়ছে।

ইরান যুদ্ধ আট মাসে গড়িয়েছে। হামলা-পাল্টা হামলার ঘটনা কমলেও হুমকি-পাল্টা হুমকিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। যেকোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কাও রয়েছে।

এমন পরিস্থিতিতে শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সানচেজ বলেন, যুদ্ধের বিরোধিতাকারীদের আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে।

যুদ্ধের বিরোধিতা করে তিনি বলেন, ‘যারা যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম, তারা সঠিক ছিলাম যখন আমরা যুদ্ধকে না বলেছিলাম। আমরা জানতাম, শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর মূল্য দিতে হবে।’

ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনেও যুদ্ধের বিরোধিতাকারীদের অবস্থানের পক্ষে কথা বলেন স্পেনের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকেই নয়, যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক পরিণতির কারণেও বিরোধিতাকারীরা সঠিক ছিলেন।

সানচেজ বলেন, ‘শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর মূল্য দিতে হয়। দুর্ভাগ্যজনকভাবে, এর প্রভাব ইতোমধ্যে অনুভূত হচ্ছে।’

যুদ্ধের প্রভাব মোকাবিলায় স্পেনের নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। সানচেজ জানান, ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তা দেওয়া এবং গাড়ি ব্যবহারকারীদের সুরক্ষায় ১২ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের একটি সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট।

তিনি বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যত দ্রুত সম্ভব এই বিপর্যয়ের অবসান ঘটানো।’

শেয়ার
মতামত দিন...

Exit mobile version