সোমবার, ২৫ই মে, ২০২৬   |   ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের ওপর ভ্যাট  কমিয়ে ১০% করার সিদ্ধান্ত নিয়ে স্পেনের পেদ্রো সানচেজ সরকারের সাথে সরাসরি বিরোধে জড়িয়েছে ইউরোপীয় কমিশন। ব্রাসেলসের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক সতর্কবার্তায় জানানো হয়েছে যে, পেট্রোল বা ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানির ওপর ভ্যাট কমানো ইউরোপীয় ইউনিয়নের  বর্তমান নিয়মের পরিপন্থী। গত মার্চের শেষদিকে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের আইনি ত্রুটিগুলো তুলে ধরে স্পেনকে সতর্ক করেছে কমিশন।

ইউরোপীয় কমিশনের মতে, ইইউ-এর ভ্যাট নির্দেশিকা অনুযায়ী গ্যাস এবং বিদ্যুতের ক্ষেত্রে ভ্যাট কমিয়ে ৫% পর্যন্ত করার বিশেষ অনুমতি থাকলেও পেট্রোল বা ডিজেলের ক্ষেত্রে ‘রিডিউসড রেট’ বা হ্রাসকৃত কর হার প্রয়োগের কোনো আইনি সুযোগ নেই। কমিশনের একজন মুখপাত্র স্পষ্ট করেছেন যে, বর্তমান নীতিমালা অনুযায়ী জীবাশ্ম জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কোনো সদস্য দেশ এককভাবে এই ধরণের কর ছাড় দিতে পারে না। একই ধরণের আইনি লঙ্ঘনের দায়ে পোল্যান্ড সরকারকেও সতর্কবার্তা পাঠানো হয়েছে।

স্পেন সরকার সরাসরি ভ্যাট কমিয়ে আইনি জটিলতায় পড়লেও প্রতিবেশী দেশ পর্তুগাল কৌশলগতভাবে ভিন্ন পথ বেছে নিয়েছে। পর্তুগাল সরকার সরাসরি ভ্যাট না কমিয়ে বরং ‘পেট্রোলিয়াম পণ্য কর’ বা আইএসপি তে অস্থায়ীভাবে ছাড় দেওয়ার পরিকল্পনা করেছে। এর ফলে ব্রাসেলসের নির্ধারিত কর সীমার ভেতরে থেকেই তারা সাধারণ মানুষকে আর্থিক স্বস্তি দিতে পারছে, যা স্পেনের তুলনায় অনেক বেশি আইনি সুরক্ষা দিচ্ছে। বর্তমানে ইউরোপীয় কমিশনের এই কঠোর অবস্থানের কারণে স্পেনকে তাদের জ্বালানি নীতি পুনরায় পর্যালোচনা করতে হতে পারে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version