বুধবার, ২৫ই মার্চ, ২০২৬   |   ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্পেনে অবৈধ পর্যটন আবাসন এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে এয়ারবিএনবি-র ওপর আরোপিত ৬৪ মিলিয়ন ইউরো (প্রায় ৮০০ কোটি টাকা) জরিমানা স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছে মাদ্রিদের উচ্চ আদালত। সোমবার আদালত সাফ জানিয়ে দিয়েছে যে, আইনি লড়াই বা আপিল প্রক্রিয়া চলাকালীন প্ল্যাটফর্মটিকে অবশ্যই এই জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। স্পেনের ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় গত ২০২৫ সালের ডিসেম্বরে এই বিশাল অংকের দণ্ড আরোপ করেছিল, যা অবিলম্বে পরিশোধ না করে স্থগিত রাখার জন্য কোম্পানিটি আবেদন জানিয়েছিল।

আদালতের এই রায়ে মামলার মূল বিচার্য বিষয় নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও, আপাতত অর্থ প্রদান বন্ধ রাখার অনুরোধটি সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। এয়ারবিএনবি কর্তৃপক্ষ যদিও দাবি করছে যে, এই জরিমানা স্প্যানিশ এবং ইউরোপীয় আইনি কাঠামোর পরিপন্থী, তবে আদালতের এই কঠোর অবস্থানে তারা বড় ধরণের আর্থিক চাপের মুখে পড়ল। লাইসেন্সবিহীন সম্পত্তির তালিকাভুক্তি, ভুয়া নিবন্ধন নম্বরের ব্যবহার এবং বাড়িওয়ালাদের সম্পর্কে তথ্য গোপন করার মতো ‘বিভ্রান্তিকর’ অনুশীলনের দায়ে এই কঠোর শাস্তির মুখে পড়েছে বিশ্বখ্যাত এই আবাসন প্ল্যাটফর্ম।

স্পেনের ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের মতে, এই জরিমানার পরিমাণ এয়ারবিএনবি-র অবৈধভাবে অর্জিত মুনাফার প্রায় ছয় গুণের সমান। মূলত হাজার হাজার বিজ্ঞাপন পর্যটন আবাসনের আঞ্চলিক বিধিমালা লঙ্ঘন করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পেনসহ ইউরোপের প্রধান বাজারগুলোতে বর্তমানে তীব্র আবাসন সংকট চলছে। স্থানীয় বাসিন্দাদের জন্য ঘর ভাড়া বা কেনা সহজ করতে সরকার স্বল্পমেয়াদী পর্যটন ভাড়ার ওপর নিয়ন্ত্রণ জোরদার করছে। ফ্রান্স, ইতালি এবং পর্তুগালও বর্তমানে একই ধরণের কঠোর আইন প্রয়োগের পথে হাঁটছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version