উত্তর স্পেনের বার্গোস ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার ভয়াবহ ভুলের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ক্যান্সার রোগীর মৃত্যু হয়েছে। গত ডিসেম্বরে ঘটে যাওয়া একটি ওষুধের ভুল প্রয়োগের ঘটনায় এ নিয়ে মোট ৩ জন প্রাণ হারালেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে ক্যান্সার চিকিৎসা চলাকালীন পাঁচজন রোগীকে নির্ধারিত মাত্রার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী ডোজ প্রদান করা হয়েছিল। ওষুধ তৈরির সময় অসাবধানতাবশত ভুল ঘনত্বে মিশ্রণ তৈরি করায় এই বিষক্রিয়ার সৃষ্টি হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে এটিকে ‘হিউম্যান এরর’ বা মানুষের ভুল হিসেবে স্বীকার করে নিয়েছে। ভুল ডোজ গ্রহণের পরপরই ডিসেম্বরে দুইজনের মৃত্যু হয়েছিল। তৃতীয় রোগীটি গত কয়েক মাস ধরে নিবিড় পর্যবেক্ষণে থাকলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বাকি দুইজন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
স্পেনের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ এই ঘটনাটিকে ‘চিকিৎসায় গুরুতর অবহেলা হিসেবে তদন্ত শুরু করেছে। নির্দিষ্টভাবে কে বা কারা এই মারাত্মক ভুলের জন্য দায়ী, তা খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্টদের পেশাদার অবহেলার দায়ে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এই ঘটনার পর বার্গোস ইউনিভার্সিটি হাসপাতাল তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রোটোকল পরিবর্তন করেছে।
