মানবাধিকার সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও স্পেনের ছিটমহল সেউটা থেকে বাংলাদেশের নাগরিকসহ অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশীকে মরক্কোয় ফেরত পাঠিয়েছে স্পেন। আশ্রয়ের আবেদন নাকচ হওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মরক্কো তাদের গ্রহণ করতে সম্মত হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। তবে কতজনকে ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয় নির্দিষ্ট সংখ্যা জানায়নি। সেউটায় কর্মরত অভিবাসী ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে সেনেগাল, নাইজেরিয়া, ইয়েমেন, ক্যামেরুন ও বাংলাদেশের নাগরিক রয়েছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক ভার্জিনিয়া আলভারেজ স্পেনের এ পদক্ষেপের সমালোচনা করে একে ‘ভণ্ডামি’ বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, ইউরোপে প্রগতিশীলতার কথা বললেও সেউটা ও মেলিলা সীমান্ত দিয়ে প্রবেশ করা ব্যক্তিদের মানবাধিকার নিশ্চিত করছে না স্পেন।
জুলাইয়ে মাত্র ৪৮ ঘণ্টায় প্রায় ৮০ হাজার মানুষ মরক্কো থেকে সেউটায় প্রবেশ করেন। তাঁদের অধিকাংশ কয়েক দিনের মধ্যে মরক্কোয় ফিরে গেলেও অনেকে এখনো সেখানে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে সেউটা সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও স্পেনের অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার।
