বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির স্বীকৃতি দেওয়ার নতুন আবেদন নেওয়া বন্ধ করেছে স্পেনের একটি মন্ত্রণালয়। দেশটিতে বিদেশি চিকিৎসকদের মেডিকেল রেসিডেন্সি পরীক্ষায় অংশগ্রহণের সংখ্যা বেড়ে যাওয়াকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্পেনের জাতীয় মেডিকেল রেসিডেন্সি প্লেসমেন্ট পরীক্ষা ‘এমআইআর’-এ প্রথমবারের মতো বিদেশি আবেদনকারীর সংখ্যা স্প্যানিশ আবেদনকারীদের ছাড়িয়ে গেছে। অ্যাসোসিয়াসিওন এমআইআর এসপানিয়া (এএমই) এ তথ্য জানিয়েছে। গত কয়েক বছর ধরে বিদেশি চিকিৎসকদের ডিগ্রি স্বীকৃতির আবেদন বাড়লেও পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পাওয়া প্রার্থীদের মধ্যে এখনো স্প্যানিশরাই সংখ্যাগরিষ্ঠ।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় পরীক্ষায় বিদেশি প্রার্থীদের জন্য সর্বোচ্চ ১০ শতাংশ কোটা নির্ধারণ করেছে। সে হিসাবে মোট ৯ হাজার ৬৮০টি পদের মধ্যে তাঁদের জন্য বরাদ্দ মাত্র ৯৬৮টি। ফলে বিদেশি প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা যেমন বেশি, তেমনি পছন্দের বিশেষায়িত বিষয়ে সুযোগ পাওয়াও কঠিন।
তবে বাস্তবে নিয়মটি সব ক্ষেত্রে একইভাবে কার্যকর হচ্ছে না। অনেক বিদেশি চিকিৎসক তাঁদের আবাসন অনুমতির সুবাদে সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করছেন। পরীক্ষার নিয়ম অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিক এবং স্পেনে স্থায়ী বা অস্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারেন। কেবল শিক্ষার্থী ভিসায় থাকা বিদেশি এবং এসব শ্রেণির বাইরে থাকা ব্যক্তিরা এ সুযোগ পান না।
পরীক্ষায় আবেদনকারীদের সংখ্যা প্রকাশের এক দিন পর স্পেনের সংবাদমাধ্যম এবিসি জানায়, বিজ্ঞান, উদ্ভাবন ও বিশ্ববিদ্যালয়বিষয়ক মন্ত্রণালয় বিদেশি ডিগ্রির স্বীকৃতির নতুন আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। মন্ত্রণালয়টির দায়িত্বে রয়েছেন ডায়ানা মোরান্ত। মেডিকেল রেসিডেন্সি পরীক্ষায় অংশ নিতে বিদেশি চিকিৎসকদের ডিগ্রির স্বীকৃতি প্রয়োজন হয়। গত এক দশকে এ ধরনের স্বীকৃতির আবেদন ধারাবাহিকভাবে বেড়েছে, যা বর্তমান বিতর্কের অন্যতম কারণ।
মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বজুড়ে সরকারি ওয়েবসাইটগুলোতে গত মাসে ধারাবাহিক সাইবার হামলার চেষ্টা হওয়ায় ডিগ্রি স্বীকৃতির আবেদন জমা দেওয়ার অনলাইন পোর্টালটি বন্ধ করা হয়েছে। পরে পোর্টালটি আংশিকভাবে চালু হলেও নতুন আবেদন নেওয়া হচ্ছে না।
আবেদন বেড়েছে কয়েক গুণ
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির স্বীকৃতি ও সমমান নির্ধারণের জন্য মোট ৮৫ হাজার ৫৬৪টি আবেদন প্রক্রিয়াকরণ করা হয়েছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৩৯ হাজার ৯৭৫। আর ২০১৭ সালে ছিল ১০ হাজার ২২৪টি। অর্থাৎ, ২০২৫ সালে আবেদন প্রক্রিয়াকরণের সংখ্যা ২০২৪ সালের দ্বিগুণেরও বেশি এবং ২০১৭ সালের প্রায় আট গুণ।
তবে গত বছরের আবেদনগুলোর মধ্যে মাত্র ৪৯ হাজার ৯০৬টি ছিল ডিগ্রির স্বীকৃতির আবেদন। বিদেশি চিকিৎসকেরা কেবল এ স্বীকৃতির ভিত্তিতেই এমআইআর পরীক্ষায় অংশ নিতে পারেন।
স্পেনের চিকিৎসক সংগঠন অর্গানিজাসিওন মেডিকা কোলেজিয়ালের (ওএমসি) সভাপতি দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিইকে বলেছেন, এ পরিস্থিতির প্রভাব বেসরকারি স্বাস্থ্যসেবাতেও পড়তে পারে। তাঁর আশঙ্কা, বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্বীকৃত ডিগ্রি থাকলেও বিশেষায়িত প্রশিক্ষণ নেই—এমন চিকিৎসকদের কম বেতন ও অনিশ্চিত কর্মপরিবেশে নিয়োগ দিতে উৎসাহিত হতে পারে।
স্বাস্থ্যসেবা খাতে চাকরির জন্য পরবর্তী প্রতিযোগিতামূলক পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
