রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬   |   ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে গড় পরিবারের নিট আয়ের ৮৩ শতাংশই বাড়িভাড়া দিতে ব্যয় হয়। অন্যদিকে, বাড়ি কেনার জন্য নেওয়া ঋণের মাসিক কিস্তি পরিশোধে খরচ হয় আয়ের ৭০ শতাংশ। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র তুলে ধরেছে দক্ষিণ ইউরোপের বৃহত্তম আবাসনবিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তা।

আবাসনসংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে দেশটিতে চলমান বিক্ষোভের মধ্যে এ তথ্য সামনে এল।

প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ি ভাড়া নেওয়া কিংবা কেনা—দুটিই পর্তুগালের অনেক পরিবারের আয়ের বড় অংশ কেড়ে নিচ্ছে। ফলে উপযুক্ত আবাসন পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের আর্থিক চাপে পড়ছেন তাঁরা।

আইডিয়ালিস্তা বাড়িভাড়ার বিজ্ঞাপনে উল্লেখ করা মূল্যকে পরিবারের গড় নিট আয়ের সঙ্গে তুলনা করেছে। আর বাড়ি কেনার ক্ষেত্রে প্রচলিত মেয়াদ ও সুদের হার বিবেচনায় নিয়ে ঋণের সম্ভাব্য মাসিক কিস্তি হিসাব করেছে।

মূল ভূখণ্ড পর্তুগালের ১৮টি জেলা শহরের পাশাপাশি মাদেইরা দ্বীপের ফুনচাল ও আজোরেস দ্বীপপুঞ্জের পন্তা দেলগাদা—মোট ২০টি শহরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, বাড়িভাড়া নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ব্যয়বহুল শহর ফারো। সেখানে বিজ্ঞাপনে দেওয়া বাড়িভাড়া পরিবারের গড় নিট আয়ের ৯২ শতাংশের সমান। এরপর রয়েছে লিসবন, যেখানে আয়ের ৮৮ শতাংশ এবং ফুনচালে ৮৫ শতাংশ ব্যয় হয় বাড়িভাড়ায়।

তালিকার শীর্ষ পাঁচে আরও রয়েছে পোর্তো (৬৬ শতাংশ) ও সেতুবাল (৬৪ শতাংশ)। অন্যদিকে, কোইমব্রা, ভিসেউ, বেজা, ভিলা রিয়াল ও ব্রাগানসায় আয়ের তুলনায় বাড়িভাড়ার চাপ কম।

আইডিয়ালিস্তার নির্ধারিত সাশ্রয়ী আবাসনের মানদণ্ড অনুযায়ী, পরিবারের আয়ের সর্বোচ্চ ৩৩ শতাংশ বাড়িভাড়ায় ব্যয় হওয়া উচিত। এ মানদণ্ডের মধ্যে রয়েছে মাত্র তিনটি শহর—কাস্তেলো ব্রাঙ্কো ও পোর্তালেগ্রে (৩২ শতাংশ) এবং গুয়ার্দা (২৯ শতাংশ)।

বাড়ি কিনতে সবচেয়ে বেশি খরচ ফুনচালে

পর্তুগালে বাড়ি কেনাও অনেকের নাগালের বাইরে থেকে যাচ্ছে। সরকারি সহায়তা পাওয়ার যোগ্য তরুণ ক্রেতাদের জন্যও পরিস্থিতি সহজ নয়।

আইডিয়ালিস্তার হিসাব অনুযায়ী, বাড়ি কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি আর্থিক চাপ ফুনচালে। সেখানে বাড়ির ঋণের সম্ভাব্য মাসিক কিস্তি পরিবারের গড় নিট আয়ের ৯৬ শতাংশের সমান। এরপর রয়েছে লিসবন (৯০ শতাংশ) ও ফারো (৭৯ শতাংশ)।

পোর্তোতে এ হার ৭৬ শতাংশ, আভেইরোতে ৬৮ শতাংশ, পন্তা দেলগাদায় ৫৯ শতাংশ এবং সেতুবালে ৫৭ শতাংশ। ব্রাগা ও ভিয়ানা দো কাস্তেলোতে ৫৩ শতাংশ করে, লেইরিয়ায় ৫১ শতাংশ, কোইমব্রায় ৪৭ শতাংশ এবং এভোরা ও ভিসেউতে ৪৫ শতাংশ করে।

ঋণের কিস্তির ক্ষেত্রেও আইডিয়ালিস্তার ৩৩ শতাংশের সাশ্রয়ী সীমার নিচে রয়েছে মাত্র ছয়টি জেলা শহর। এগুলো হলো গুয়ার্দা (২০ শতাংশ), কাস্তেলো ব্রাঙ্কো ও পোর্তালেগ্রে (২৩ শতাংশ), ব্রাগানসা (২৬ শতাংশ), বেজা (২৯ শতাংশ) এবং ভিলা রিয়াল (৩০ শতাংশ)।

পর্তুগালে পরিবর্তনশীল সুদের হারের ঋণগ্রহীতাদের ওপরও চাপ বাড়িয়েছে উচ্চ সুদহার। দেশটিতে অনেক গৃহঋণের সুদ নির্ধারণে ব্যবহৃত তিন, ছয় ও ১২ মাস মেয়াদি ইউরিবর হার ২০২৬ সালের মার্চে বেড়েছিল।

এদিকে, গত আগস্টে পর্তুগালের কেন্দ্রীয় ব্যাংক নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে মোট মাসিক ঋণের কিস্তির সীমা নিট মাসিক আয়ের ৫০ শতাংশ থেকে কমিয়ে ৪৫ শতাংশ করেছে। নতুন ঋণ মূল্যায়নের সময় সাধারণত এ সীমা প্রযোজ্য হয়। এতে বিদ্যমান ঋণের কিস্তিও অন্তর্ভুক্ত থাকে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version