শনিবার, ২৫ই জুলাই, ২০২৬   |   ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের রাজধানী মাদ্রিদ ও এর পার্শ্ববর্তী আবিলা প্রদেশে বেশ কয়েকটি বনাঞ্চলের দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গভীর রাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দাবানল মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় জনবল ও জরুরি সরঞ্জাম মোতায়েনের লক্ষ্যে গত বৃহস্পতিবার রাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, উদ্ভূত সংকট সামলাতে স্পেনের সামরিক জরুরি ইউনিটকে (ইউএমই) মাঠে নামানো হয়েছে। স্প্যানিশ সরকার জানিয়েছে, মাদ্রিদ অঞ্চলে ছড়িয়ে পড়া আগুনের কারণে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাদ্রিদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের আলদেয়া দে ফ্রেসনো এলাকার সাড়ে তিন হাজার বাসিন্দাকে দ্রুত ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে আবিলা প্রদেশেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। স্পেনের প্রখ্যাত পত্রিকা ‘এল পাইস’ জানায়, পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় এল তিয়েমব্লো এলাকার একটি গ্রামীণ পর্যটন কেন্দ্র ও আবাসন প্রকল্প থেকে প্রায় দেড় হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তা স্বার্থে বুরগোহন্দো, এল তিয়েমব্লো ও নাভালুয়েঙ্গা পৌরসভার বাসিন্দাদের ঘরের ভেতর থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

বর্তমানে সবচেয়ে ভয়াবহ দাবানলটি ছড়িয়েছে মাদ্রিদের উত্তর দিকে, রাজধানী থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে গুয়াদালাহারা প্রদেশে। সেখানকার বনাঞ্চলে গত বৃহস্পতিবারের পর থেকে অন্তত ৩২ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ লিখেছেন, আবিলা, লেওন, তোলেদো ও মাদ্রিদসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশবাসীকে সতর্ক থাকার এবং জরুরি উদ্ধারকারী দলের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের (ইএফএফআইএস) তথ্য অনুযায়ী, চলতি বছরে আগুন লেগে স্পেনের প্রায় এক লাখ ২৫ হাজার হেক্টর বনাঞ্চল বিনষ্ট হয়েছে।

তথ্যসূত্র: নিউজ ২৪

শেয়ার
মতামত দিন...

Exit mobile version