স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের (হাই-স্পিড ট্রেন) সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪৬ জনে দাঁড়িয়েছে।
দেশটির রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ (Adif) জানিয়েছে, বুধবার সকাল ৯টা ১০ মিনিটে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার লাইনে ট্রেন দুটির মধ্যে এই সংঘর্ষ ঘটে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল এস্পানিওল জানিয়েছে, কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের জরুরি পরিষেবা বিভাগ নিশ্চিত করেছে যে দুর্ঘটনায় ৪৬ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন; তবে হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে। জানা গেছে, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দুটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের খাদে ছিটকে পড়ে।
তোলেদো প্রদেশের লস ইয়েবেনেস এবং উরদা শহরের মধ্যবর্তী স্থানে সকাল প্রায় ৮টা ৫৪ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেন দুটির একটি স্পেনের রাষ্ট্রীয় মালিকানাধীন রেনফে (Renfe) এবং অন্যটি ইতালীয় কোম্পানি ইরিও (Iryo) পরিচালনা করছিল।
রেনফের ‘এভিই’ (AVE) ট্রেনটি সকাল ৮টায় রাজধানী মাদ্রিদ থেকে সেভিলের উদ্দেশে যাত্রা করেছিল; অন্যদিকে ইরিও-এর ট্রেনটি উত্তর দিকে বিপরীতমুখী লাইনে চলাচল করছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রেল অপারেটর আদিফ জানিয়েছে, ‘দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনার পর মাদ্রিদ-আন্দালুসিয়া দ্রুতগতির রেলপথের সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।’
কেন্দ্রীয় শহর তোলেদোর নিকটবর্তী উরদার মেয়র ম্যানুয়েল গ্যালান জানান, আহতদের আশ্রয় ও প্রাথমিক চিকিৎসার জন্য জরুরি পরিষেবা সংস্থার পক্ষ থেকে তাঁকে একটি স্পোর্টস হল প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে।
আন্দালুসিয়ার আদামুজের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৪৬ জনের প্রাণহানির ঘটনার ৯ মাস পার হতে না হতেই ফের এই দুর্ঘটনা ঘটল। চলতি বছরের জানুয়ারিতে ঘটে যাওয়া ওই দুর্ঘটনাটি ছিল স্পেনের হাই-স্পিড রেল নেটওয়ার্কের ইতিহাসে প্রথম বড় ধরনের ট্রেন সংঘর্ষের ঘটনা।
