স্পেনের উগ্র ডানপন্থী রাজনৈতিক দল ‘ভক্স’, মাদ্রিদ আঞ্চলিক সরকার এবং বেশ কিছু অতি-রক্ষণশীল সংগঠনের করা আবেদন জোরালোভাবে খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সরকারের নেওয়া বিশেষ ও ঐতিহাসিক অভিবাসী বৈধকরণ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার জন্য বাদীরা যে অনুরোধ জানিয়েছিল, সুপ্রিম কোর্টের থার্ড চেম্বার তিন ঘণ্টারও বেশি সময় পর্যালোচনার পর শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে নাকচ করে দেয়।
স্পেন সরকারের নেওয়া গণ-বৈধকরণের এই রয়্যাল ডিক্রি বা বিশেষ সরকারি অধ্যাদেশটি গত ১৬ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এর মূল লক্ষ্য হলো—চলতি বছরের ১ জানুয়ারির আগে অন্তত পাঁচ মাস ধরে স্পেনে বসবাস করছেন এমন প্রায় ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) অনিয়মিত অভিবাসীকে দেশটিতে বৈধভাবে থাকার (রেসিডেন্সি) এবং কাজ করার আইনি অনুমতি দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত স্পেন সরকার এই কর্মসূচির আওতায় ৫,৪৯,৫৯৬টি আবেদন পেয়েছে। এর মধ্যে ৯১,৫০৫টি আবেদন ইতিমধ্যে প্রক্রিয়াকরণের জন্য গ্রহণ করা হয়েছে এবং আবেদনকারীদের স্পেনে সাময়িকভাবে বসবাস ও কাজ করার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মামলার অন্যতম বাদী অতি-রক্ষণশীল সংগঠন ‘হাজতেওইয়ার’ এবং অন্যান্য বাদীদের যুক্তি ছিল, এই অনুমোদিত ডিক্রিটি জাতীয় ও ইউরোপীয় আইনের পরিপন্থী। তারা দাবি করেন, হঠাৎ এত বিপুল সংখ্যক মানুষকে বৈধতা দিলে স্বাস্থ্যসেবার মতো জনসেবামূলক খাতগুলো ভেঙে পড়তে পারে, সরকারি ব্যয় ব্যাপক বৃদ্ধি পাবে এবং এটি দেশের ভোটার তালিকায় (নির্বাচনী শুমারি) প্রভাব ফেলবে। তবে আদালত ‘ভক্স’ দল এবং মাদ্রিদ আঞ্চলিক সরকারের আইনি বৈধতা স্বীকার করলেও ডিক্রিটি সাময়িকভাবে স্থগিত করার আবেদন নাকচ করে দেন। একই সাথে সংশ্লিষ্ট অন্যান্য নাগরিক সংগঠনগুলো এই সরকারি পদক্ষেপকে চ্যালেঞ্জ করার মতো আইনগত যোগ্যতা রাখে না বলে আদালত রায় দেন।
শুক্রবার আদালতের শুনানিতে সরকারের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী এই ঐতিহাসিক পদক্ষেপের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো স্পেনে ইতিমধ্যে অবস্থানরত মানুষদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করা। এটি একটি “বিশেষভাবে সীমিত” প্রক্রিয়া যা মধ্যম ও দীর্ঘমেয়াদে দেশের জিডিপি (GDP) প্রবৃদ্ধিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। ভোটার তালিকায় প্রভাব ফেলার অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি স্পষ্ট জানান, স্পেনে ভোট দেওয়ার অধিকার কেবল মূল নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকায় এটি আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তবে এই বিশেষ কর্মসূচির আওতায় সুবিধাভোগী অভিবাসীরা কেবল স্পেনেই সাময়িকভাবে বসবাস ও কাজ করতে পারবেন, ইউরোপের অন্য কোনো দেশে নয়। আদালত আগামী দিনগুলোতে এই আদেশের সুনির্দিষ্ট ও বিস্তারিত যুক্তি প্রকাশ করবেন বলে জানা গেছে।
তথ্যসূত্র: ইএফই
