শনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬   |   ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে মার্কিন ঘাঁটিতে ক্রমাগত হামলা ঠেকাতে পোল্যান্ডের কাছে অত্যাধুনিক ‘প্যাট্রিয়ট’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েও ব্যর্থ হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য পোল্যান্ড সাফ জানিয়ে দিয়েছে, তাদের নিজেদের আকাশসীমা এবং ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষার জন্য নিয়োজিত এই প্রতিরক্ষা ব্যবস্থা তারা মধ্যপ্রাচ্যে পাঠাবে না।

 পোলিশ প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) স্পষ্টভাবে লিখেছেন, ‘পোল্যান্ডের নিরাপত্তা আমাদের কাছে নিরঙ্কুশ অগ্রাধিকার। আমাদের প্যাট্রিয়ট ব্যাটারি এবং এর অস্ত্রশস্ত্র পোল্যান্ডের সুরক্ষায় ব্যবহৃত হচ্ছে এবং এই সিদ্ধান্তে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের ওপর বোমাবর্ষণ শুরু হলেও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সেখানে ইরানি সক্ষমতা ধ্বংস করতে হিমশিম খাচ্ছে। স্যাটেলাইট চিত্র ও যুদ্ধক্ষেত্রের তথ্য অনুযায়ী, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইতোমধ্যে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ৩৫০ জন আহত হয়েছেন। এছাড়া বেশ কিছু দামি মার্কিন রাডার এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ই-৩ সেন্ট্রি অ্যাওয়াকস’ কমান্ড বিমান ধ্বংস হওয়ায় বিপাকে পড়েছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে পোল্যান্ডের কাছ থেকে অন্তত দুটি প্যাট্রিয়ট সিস্টেম এবং পিএসি-৩ এমএসই ক্ষেপণাস্ত্র ধার চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু পোল্যান্ডের এই অস্বীকৃতি এবং স্পেনের মতো দেশগুলোর আকাশসীমা ব্যবহারে অনীহা ট্রাম্প প্রশাসনকে আরও চাপে ফেলেছে।

 ক্ষুব্ধ ট্রাম্প ইউরোপীয় মিত্রদের সমালোচনা করে ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ হিসেবে অভিহিত করেছেন এবং জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version