শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬   |   ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চুক্তির অংশ হিসেবে ইউরোপীয় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি উল্লেখযোগ্য পরিমাণে কমাতে রাজি হয়েছেন যুক্তরাজ্যের অ্যান্ডি বার্নহাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের হাতে আসা চুক্তির খসড়া বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে ইউরোপীয় শিক্ষার্থীদের বছরে ৩৮ হাজার পাউন্ড পর্যন্ত টিউশন ফি দিতে হয়। যুক্তরাজ্য এ ফি উল্লেখযোগ্য পরিমাণে কমানোর অথবা দেশটির স্থানীয় শিক্ষার্থীদের সমপর্যায়ে নিয়ে আসার প্রস্তাব দিয়েছে। যুক্তরাজ্যের শিক্ষার্থীদের বার্ষিক টিউশন ফি ৯ হাজার ৯৭০ পাউন্ড।

ব্রেক্সিটের পর ইইউর শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ স্থানীয় শিক্ষার্থীদের পরিবর্তে আন্তর্জাতিক শিক্ষার্থীদের হারে নির্ধারণ করা হয়। ফলে টিউশন ফি কমানোর দাবি ইইউর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ঘনিষ্ঠ করার আলোচনায় অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল।

এ অচলাবস্থা কাটিয়ে ব্রেক্সিট-পরবর্তী সম্পর্ক পুনর্গঠনের চুক্তিতে পৌঁছানোর আশা করা হচ্ছে। শুক্রবার চুক্তিটি সই হওয়ার কথা রয়েছে।

যুক্তরাজ্যের খসড়া বিবৃতিতে বলা হয়েছে, ইইউ ও যুক্তরাজ্য বাণিজ্য ও সহযোগিতা চুক্তির (টিসিএ) পরিপূরক একটি চুক্তির বিষয়ে কাজ করবে। এর আওতায় যুক্তরাজ্যে ইইউর শিক্ষার্থী এবং ইইউভুক্ত দেশগুলোতে যুক্তরাজ্যের শিক্ষার্থীদের টিউশন ফি উল্লেখযোগ্যভাবে কমানো অথবা স্থানীয় শিক্ষার্থীদের সমপর্যায়ে আনার বিষয়টি বিবেচনা করা হবে।

শুক্রবার চুক্তি সই করতে ব্রাসেলস যাবেন বার্নহাম। এতে খাদ্য ও পানীয়ের বাণিজ্য বাড়ানো, কার্বন নিঃসরণসংক্রান্ত কাগজপত্রের জটিলতা কমানো এবং তরুণদের জন্য চলাচল কর্মসূচি চালুর বিষয়ও রয়েছে।

চুক্তির আওতায় যুক্তরাজ্য ইইউর বেশ কিছু নিয়মের সঙ্গে নিজেদের নীতিমালা সামঞ্জস্য করবে। পাশাপাশি ব্রেক্সিটের পর প্রথমবারের মতো ইউরোপীয় বিচার আদালতের (ইসিজে) এখতিয়ারেও আসতে পারে দেশটি।

তরুণদের চলাচল কর্মসূচি নিয়ে আলোচনা অব্যাহত
চুক্তির সর্বশেষ খসড়ায় যুক্তরাজ্য ও ইইউর আলোচকদের মধ্যে কয়েকটি বিষয়ে মতপার্থক্যও উঠে এসেছে।

৩০ বছরের কম বয়সী ইইউ নাগরিকদের যুক্তরাজ্যে বসবাস, কাজ ও পড়াশোনার সুযোগ দিতে ‘ইয়ুথ এক্সপেরিয়েন্স স্কিম’ চালুর প্রস্তাব রয়েছে। একই সুযোগ পাবেন ইইউভুক্ত দেশগুলোতে যেতে আগ্রহী তরুণ ব্রিটিশরাও। তবে এ কর্মসূচিতে কতজন তরুণ অংশ নিতে পারবেন, তা নিয়ে এখনো দুই পক্ষ একমত হতে পারেনি।

খসড়ায় বলা হয়েছে, এ কর্মসূচির আওতায় যুক্তরাজ্য ও ইইউর নির্দিষ্টসংখ্যক তরুণ সর্বোচ্চ তিন বছর বসবাস করতে পারবেন। এ সময় তাঁরা চাকরি, পড়াশোনা, আউ পেয়ার হিসেবে কাজ, স্বেচ্ছাসেবা কিংবা ভ্রমণের সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে, এ কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা ৮০ হাজার থেকে এক লাখের মধ্যে রাখার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শুক্রবার বার্নহাম এবং ইইউর নেতারা উরসুলা ফন ডার লেয়েন ও আন্তোনিও কস্তা এ বিষয়ে চূড়ান্ত আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ব্রেক্সিটের পর বিভিন্ন বিধিনিষেধ শিথিল করে যুক্তরাজ্য ও ইইউর মধ্যে সফরকারী সংগীতশিল্পী ও অন্যান্য শিল্পীদের চলাচল সহজ করার বিষয়েও আলোচনা চলছে।

২০২৭ সালের মধ্যে ইইউর বিদ্যুৎবাজারে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা শেষ করার সময়সীমা নির্ধারণের প্রস্তাবও দিয়েছে যুক্তরাজ্য। এ ছাড়া ইইউর অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোতে সড়ক, বিমানবন্দর ও অন্যান্য অবকাঠামো নির্মাণ প্রকল্পে করদাতাদের অর্থায়নের বিষয়েও সম্মতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার টেলিগ্রাফ জানিয়েছিল, ইইউর ‘বাই ইউরোপিয়ান’ নীতিতে প্রবেশাধিকার পেতে বার্নহাম ইউরোপীয় শিক্ষার্থীদের টিউশন ফি কমানোর দাবিতে ছাড় দিতে পারেন।

এই সমঝোতা হলে ‘মেড ইন ইউরোপ অ্যাক্ট’-এ যুক্ত হওয়ার পথ তৈরি হতে পারে যুক্তরাজ্যের। এ আইনের লক্ষ্য ইউরোপীয় ইউনিয়নের ভর্তুকি ও ক্রয়নীতিতে চীনের তুলনায় ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া।

ইউরোপীয় ভর্তুকি থেকে বাদ পড়লে যুক্তরাজ্যের গাড়ি, পরিবেশবান্ধব প্রযুক্তি, প্রতিরক্ষা, ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

তবে চীনের বৈদ্যুতিক গাড়ির ওপর ইইউর শুল্কনীতির সঙ্গে যুক্তরাজ্যের সামঞ্জস্য রাখার বিষয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইইউ এ বিষয়ে যুক্তরাজ্যের কাছ থেকে বাধ্যতামূলক প্রতিশ্রুতি চাইলেও লন্ডন শুধু ইউরোপীয় সরবরাহব্যবস্থাকে সুরক্ষিত রাখার চেষ্টা করার প্রস্তাব দিয়েছে।

বর্তমানে চীনা পণ্যের ওপর ইইউর তুলনায় কম শুল্ক আরোপ করে যুক্তরাজ্য। ইউরোপীয় দেশগুলোর আশঙ্কা, এর ফলে চীনা পণ্য যুক্তরাজ্যকে ব্যবহার করে ইইউর বাজারে প্রবেশের সুযোগ পেতে পারে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version