শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬   |   ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের নাগরিকদের জন্য রেসিডেন্স পারমিট (বসবাসের অনুমতিপত্র) প্রক্রিয়াকরণের সময়সীমা চার মাস থেকে কমিয়ে ৯০ দিন নির্ধারণ করেছে ফ্রান্স। একই সঙ্গে বিদেশি কর্মীদের চাকরি বা নিয়োগকর্তা পরিবর্তনের শর্ত সহজ করা এবং কর্মচ্যুতদের আইনি সুরক্ষা জোরদার করা হয়েছে। নতুন এই নিয়মগুলো ২০২৬ সালের ৩০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

ইইউর ‘সিঙ্গেল পারমিট ডিরেক্টিভ’-এর সঙ্গে সংগতি রেখে ফ্রান্স এই পরিবর্তনগুলো বাস্তবায়ন করেছে।

৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা

ফ্রান্সের হালনাগাদ নিয়ম অনুযায়ী, দেশটির প্রিফেকচারগুলোকে (স্থানীয় প্রশাসনিক দপ্তর) ৯০ দিনের মধ্যে রেসিডেন্স পারমিটের অধিকাংশ আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিকভাবে জমা দেওয়ার দিন থেকেই এই সময় গণনা শুরু হবে। তবে কর্তৃপক্ষ কোনো ঘাটতি নথিপত্র চেয়ে বসলে, তা সরবরাহ করতে আবেদনকারীর ব্যয় হওয়া সময় এই মেয়াদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না।

অপেক্ষাকৃত জটিল ক্ষেত্রে সিদ্ধান্ত জানাতে অতিরিক্ত ৩০ দিন সময় নেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে সে ক্ষেত্রে আবেদনকারীকে লিখিতভাবে মেয়াদ বৃদ্ধির বিষয়টি জানাতে হবে। অবশ্য নির্দিষ্ট কিছু ক্যাটাগরির পারমিটের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম থাকবে। এই ৯০ দিনের সময়সীমা মূলত সিদ্ধান্তের ক্ষেত্রে প্রযোজ্য, তবে অনুমোদন পাওয়ার পর মূল প্লাস্টিক রেসিডেন্স কার্ড হাতে পেতে আগের মতোই কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—আইনগত সময়সীমার মধ্যে প্রিফেকচার থেকে কোনো সাড়া না পাওয়া গেলে তা ‘স্বয়ংক্রিয় অনুমোদন’ হিসেবে গণ্য হবে না; বরং আবেদনটি ‘প্রত্যাখ্যাত’ হয়েছে বলে ধরে নেওয়া হবে।

বিদেশি কর্মীদের চাকরি পরিবর্তনের সুযোগ ও সুরক্ষা

নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রেও বিদেশি নাগরিকদের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করেছে ফ্রান্স। আগে চাকরিতে যোগদানের প্রথম এক বছরের মধ্যে কর্মসংস্থান চুক্তি শেষ করলে ওয়ার্ক পারমিট নবায়নের ক্ষেত্রে তা বাতিলের কারণ হতে পারত। এখন সেই সময়সীমা কমিয়ে ছয় মাস করা হয়েছে। ‘সালারিয়ে’ (বেতনভোগী কর্মী) ও ‘ত্রাভাইয়র তঁপোখের’ (সাময়িক কর্মী) ক্যাটাগরির রেসিডেন্স পারমিটধারীরা এই সুবিধার আওতায় পড়বেন।

তবে কর্মী নিজের অনিচ্ছায় চাকরি হারালে কিংবা নিয়োগকর্তার গুরুতর নিয়মভঙ্গের শিকার হলে এই সীমাবদ্ধতা কার্যকর হবে না। কোম্পানি পরিবর্তনের ক্ষেত্রে কর্মীদের সাধারণ শ্রম আইনের অন্যান্য শর্ত মেনে চলতে হবে।

নির্দিষ্ট মেয়াদের চুক্তিতে কাজ করা সাময়িক কর্মীরাও বাড়তি সুরক্ষা পাবেন। কোনো ধরনের দোষ ছাড়া চাকরি হারালে পারমিটের মেয়াদের মধ্যে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত তারা ফ্রান্সে বসবাসের বৈধ অধিকার ধরে রাখতে পারবেন। আর অন্য প্রতিষ্ঠানে কাজ পেলে নতুন কাজের অনুমোদনের আবেদন বিবেচনাধীন থাকা অবস্থাতেই তারা ফ্রান্সে অবস্থান করতে পারবেন।

মানবপাচার, জোরপূর্বক শ্রম কিংবা অমানবিক কর্মপরিবেশের মতো নিপীড়নের শিকার হওয়া বিদেশি কর্মীদের জন্য এই সময়সীমা বাড়িয়ে ছয় মাস করা হয়েছে। এতে তারা অবিলম্বে দেশত্যাগের ঝুঁকি ছাড়াই নতুন চাকরি খোঁজার সুযোগ পাবেন।

‘ইইউ ব্লু কার্ড’ নীতিতে ছাড়

উচ্চ দক্ষ বিদেশি পেশাজীবীদের জন্য ফ্রান্সে স্থানান্তরের নিয়মও সহজ করা হয়েছে। অন্য কোনো ইউরোপীয় দেশে ১২ মাস বসবাসের পরই ‘ইইউ ব্লু কার্ড’ধারীরা ফ্রান্সে স্থানান্তরিত হতে পারবেন, যা আগে ছিল ১৮ মাস। পরবর্তীতে ইইউর এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরের ক্ষেত্রে ছয় মাসের অবস্থানই যথেষ্ট হবে।

নিয়োগকারী প্রতিষ্ঠান আইনগত বাধ্যবাধকতা লঙ্ঘন করায় প্রিফেকচার যদি পারমিট বাতিল বা নবায়ন না করার সিদ্ধান্ত নেয়, তবে বিদেশি কর্মীকে নতুন চাকরি খোঁজার জন্য ছয় মাস সময় দেওয়া হবে। ব্যক্তির অবশিষ্ট বেকারভাতার ওপর ভিত্তি করে ক্ষেত্রবিশেষে এই সময় আরও বাড়তে পারে।

নথিপত্রের মেয়াদের ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। অন্তত দুই বছরের চুক্তির ক্ষেত্রে চাকরির মেয়াদের সমান (সর্বোচ্চ চার বছর) মেয়াদে পারমিট দেওয়া হবে। চুক্তি দুই বছরের কম সময়ের হলে চুক্তির মেয়াদের সঙ্গে অতিরিক্ত তিন মাস যোগ করে পারমিট মিলবে, তবে এর মেয়াদ কোনোভাবেই দুই বছরের বেশি হবে না। এ ছাড়া যেসব ব্লু কার্ডধারীর পরিবার অন্তত পাঁচ বছর ধরে ইউরোপীয় ইউনিয়নে বাস করছে, তাদের দীর্ঘমেয়াদি রেসিডেন্স স্ট্যাটাস পাওয়ার বাড়তি সুযোগ তৈরি করা হয়েছে।

ফাইলজট ও দীর্ঘসূত্রতা কমানোর চ্যালেঞ্জ

আইনগত সময়সীমা কমলেও ফ্রান্সে বাস্তবে আবেদন নিষ্পত্তির দীর্ঘসূত্রতা এখনো বড় সংকট। ২০২৬ সালের এপ্রিলের পরিসংখ্যান অনুযায়ী, সিদ্ধান্তের জন্য আবেদনকারীদের গড়ে ১১৭ দিন অপেক্ষা করতে হয়েছে এবং প্রায় এক-তৃতীয়াংশ প্রিফেকচারে অপেক্ষার এই সময় ১২০ দিন ছাড়িয়ে গিয়েছিল। ওই সময় প্রায় ৯ লাখ ৩০ হাজার আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় ঝুলে ছিল।

কারিগরি ত্রুটির কারণেও ধীরগতি দেখা দিচ্ছে। বিদেশি নাগরিকদের পুরোনো ডেটাবেজ ‘এজিডিআরইএফ’ (AGDREF) এবং নতুন অনলাইন পোর্টাল ‘এএনইএফ’ (ANEF)—দুটি সিস্টেম একসঙ্গে চালাতে গিয়ে জটিলতা তৈরি হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরোনো প্ল্যাটফর্মটি ধাপে ধাপে বন্ধ করে অনলাইন সেবা উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে।

জট কমাতে গত এপ্রিলে প্রিফেকচারের অভিবাসন বিভাগগুলোতে অতিরিক্ত ৫০০ কর্মী নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া মে ২০২৬ থেকে আবেদন বিবেচনাধীন থাকার প্রত্যয়নপত্রের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হচ্ছে। একই সঙ্গে বায়োমেট্রিক তথ্যের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে, যা বারবার প্রশাসনিক দপ্তরে যাওয়ার ভোগান্তি কমাবে।

তবে আন্তর্জাতিক বিনিয়োগ বিশ্লেষকদের মতে, নতুন নির্ধারিত ৯০ দিনের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে প্রিফেকচারগুলোর অভ্যন্তরীণ কার্যদক্ষতা বাড়ানোই হবে ফরাসি প্রশাসনের মূল চ্যালেঞ্জ।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version