পর্তুগালের রাজধানী লিসবনে আগামী ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সাংস্কৃতিক ও বাণিজ্যিক আয়োজন ‘বাজার ডিপ্লোমাটিকো ২০২৬’। দুই দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা, খাদ্যসংস্কৃতি ও দেশীয় পণ্য তুলে ধরবে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
লিসবনের Centro de Congressos de Lisboa-তে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ আয়োজন। এতে বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় পণ্যের প্রদর্শনী থাকবে।
এই আয়োজনে অংশগ্রহণের জন্য পর্তুগালপ্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ আমন্ত্রণ জানায় বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন, বন্ধু ও পরিচিতজনদের নিয়ে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে পর্তুগালসহ বিভিন্ন দেশের মানুষের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও দেশীয় পণ্যের পরিচিতি আরও বাড়বে। পাশাপাশি বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারেও আয়োজনটি ভূমিকা রাখবে।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি দেশীয় পণ্যের বৈচিত্র্য ও সম্ভাবনা তুলে ধরার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
আয়োজনটি অনুষ্ঠিত হবে লিসবনের Praça das Indústrias, 1300-307 Lisboa ঠিকানায় অবস্থিত Centro de Congressos de Lisboa-তে।
