শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬   |   ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নবম সার্কিট কোর্ট অব অ্যাপিলসের তিন বিচারকের একটি প্যানেল সরকারের জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর ফলে আপিল আদালতে মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিভি লটারি-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখতে পারবে ট্রাম্প প্রশাসন। এর আগে যুক্তরাষ্ট্রের একটি নিম্ন আদালত ডিভি লটারি পুনরায় চালুর নির্দেশ দিয়েছিলেন।

ডিভি লটারি নিয়ে আইনি লড়াইয়ে থাকা রেড ইগল নামের সংস্থার প্রধান কার্টিস মরিসন মার্কিন সংবাদমাধ্যম নিউজউইককে বলেন, ডিভি কর্মসূচি পরিচালনায় পররাষ্ট্র দপ্তরের ব্যর্থতাকে চ্যালেঞ্জ জানিয়ে সংস্থাটি শিগগিরই আরও আইনি পদক্ষেপ নেবে।

আদালত পর্যবেক্ষণে বলেন, লটারির নিবন্ধনপ্রক্রিয়া শুরু করতে পররাষ্ট্র দপ্তরের ব্যর্থতাকে তারা সমর্থন করছেন না। তবে এ মামলায় রেড ইগল তাদের পক্ষে যথেষ্ট যুক্তি ও প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এ ছাড়া, সংস্থাটি সংশ্লিষ্ট আইনের সরাসরি সুবিধাভোগী বা স্বার্থসংশ্লিষ্ট পক্ষ না হওয়ায় এ বিষয়ে মামলা করার আইনি অধিকারও তাদের নেই।

সাধারণভাবে ‘গ্রিন কার্ড লটারি’ নামে পরিচিত ডাইভারসিটি ভিসা কর্মসূচির লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় যেসব দেশের মানুষের প্রতিনিধিত্ব তুলনামূলক কম, সেসব দেশের নাগরিকদের দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করা।

কর্মসূচিটির আওতায় যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার তুলনামূলক কম—এমন দেশগুলোর নাগরিকদের জন্য প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার ভিসা বরাদ্দ থাকে।

১৯৯০ সালের ২৯ নভেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ‘ইমিগ্রেশন অ্যাক্ট অব ১৯৯০’-এ স্বাক্ষর করেন। এর মাধ্যমে ডাইভারসিটি ভিসা কর্মসূচি স্থায়ীভাবে চালু হয়।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version