ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে কঠোর ইসরায়েলবিরোধী অবস্থান এবং এ নিয়ে দলের সঙ্গে মতবিরোধের জেরে জার্মানির বামপন্থী রাজনৈতিক দল ডি লিংকে থেকে বহিষ্কৃত হয়েছেন রাজনীতিক ভেনেসা এমডে। বার্লিনে নতুন জোট সরকার গঠনের আলোচনা চলার মধ্যে তাঁর অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভেনেসা এমডে বার্লিনের নইক্যোলন এলাকার ডি লিংকের স্থানীয় প্রতিনিধি ছিলেন। গত সেপ্টেম্বরে বার্লিনের স্থানীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসন পায় দলটি। এরপর মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) ও গ্রিন পার্টির সঙ্গে জোট সরকার গঠনের আলোচনা শুরু করে তারা। দলটির সহসভাপতি এলিফ এরাল্প বার্লিনের গভর্নিং মেয়র পদে প্রার্থী হয়েছেন।
দলটির এক প্রতিনিধির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এমডেকে বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছেন পার্লামেন্টারি গ্রুপের দুই-তৃতীয়াংশের বেশি সদস্য। দলীয় নেতৃত্বই তাঁকে বহিষ্কারের প্রস্তাব উত্থাপন করেছিল।
ডি লিংকের নেতা টোবিয়াস শুলৎসে বলেন, এমডের সঙ্গে দলের মতপার্থক্য এমন পর্যায়ে পৌঁছেছে, যা আর সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, ‘আমরা হালকাভাবে এই সিদ্ধান্ত নিইনি। অনেক সদস্যের কাছেই পদক্ষেপটি কঠিন মনে হয়েছে, তবে তাঁরা এটিকে প্রয়োজনীয় বলেও মনে করেছেন।’
এর আগে ইহুদিবিদ্বেষের বিরোধিতা এবং ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দলের সংসদীয় গ্রুপের একটি বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন এমডে। তবে কিছুদিন পরই তিনি ওই অবস্থান থেকে নিজেকে সরিয়ে নেন।
এমডেকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বার্লিনে এসপিডির দুই নেতা স্টেফেন ক্রাখ ও বেটিনা কনিগ। তাঁদের মতে, এমডের অবস্থান জোট গঠনের আলোচনা জটিল করে তুলেছিল। জোট চুক্তিতে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াই এবং ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এমডে বলেছিলেন, জায়নবাদবিরোধিতা একটি বৈধ রাজনৈতিক দাবি; একে অপরাধ হিসেবে গণ্য করা উচিত নয়। তাঁর বক্তব্য, রাষ্ট্রের অস্তিত্বের অধিকার নেই, বরং মানুষের অস্তিত্বের অধিকার রয়েছে। জাতিগত বা ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করে একটি গণতান্ত্রিক এক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও বৈধ বলে মনে করেন তিনি।
এ ছাড়া ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে গণহত্যায় জার্মানির সম্পৃক্ততার অভিযোগ এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমন-পীড়নের সমালোচনাও করেছিলেন এমডে।
তাঁকে বহিষ্কারের দাবিতে অন্য দলগুলোর চাপের মুখে ডি লিংকের অভ্যন্তরে প্রকাশ্য বিতর্ক শুরু হয়। তবে স্থানীয় সমাজতান্ত্রিক সংগঠনগুলোর একটি অংশ এমডের পক্ষে অবস্থান নেয়।
