বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬   |   ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের রাজধানী মাদ্রিদের উপকণ্ঠে দাবানলে ক্ষতিগ্রস্ত একটি এলাকার পুনর্গঠনে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।

মাদ্রিদ অঞ্চলের আঞ্চলিক সভাপতি ইসাবেল দিয়াজ আয়ুসো জানিয়েছেন, বার্সেলোনার সাবেক এই তারকা খেলোয়াড় এই পুনর্বাসন কাজে ৮০ হাজার ইউরো (প্রায় ৯২ হাজার ডলার) অনুদান দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দিয়াজ আয়ুসো লিখেছেন, ‘লিও মেসি সিয়েরা ওএস্তে দে মাদ্রিদ অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০,০০০ ইউরো অনুদান দিয়েছেন।’

তিনি আরও লিখেন, ‘আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই যে মাদ্রিদের মানুষ খুব শিগগিরই তাঁকে স্বাগত জানাতে এবং তাঁর প্রাপ্য সাধুবাদ জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

স্প্যানিশ রাজধানীর পশ্চিমের এই অঞ্চলটি দাবানলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক জমি ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক বাসিন্দা তাঁদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন।

মেসি তাঁর সমাজসেবামূলক কাজের জন্য সুপরিচিত এবং তিনি ২০০৭ সালে শিশু ও যুবকদের স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া কর্মসূচির মাধ্যমে সহায়তা করার লক্ষ্যে ‘লিও মেসি ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছিলেন।

ইএসপিএন

শেয়ার
মতামত দিন...

Exit mobile version