সোমবার, ৯ই মার্চ, ২০২৬   |   ২৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল পারস্য উপসাগরে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে সুদূর ভূমধ্যসাগর পর্যন্ত। গত ২৮ ফেব্রুয়ারি থেকে তেহরান ও তেল আবিবের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার জেরে উত্তাল হয়ে উঠেছে এই অঞ্চল। এই চরম উত্তেজনার মধ্যেই দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসের প্রতি সংহতি জানাতে আজ সোমবার দেশটিতে সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

কয়েকদিন আগে সাইপ্রাসে ইরানের তৈরি ড্রোন হামলার খবর ছড়িয়ে পড়ার পর অঞ্চলটিতে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে ইউরোপীয় শক্তিগুলো। ফ্রান্স ইতিমধ্যে তাদের বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গোল’ ভূমধ্যসাগরে মোতায়েন করেছে। পাশাপাশি একটি ফ্রিগেট ও বিমান প্রতিরক্ষা ইউনিটকেও সাইপ্রাসে পাঠানোর নির্দেশ দিয়েছেন ম্যাক্রোঁ। ফ্রান্সের পাশাপাশি ইতালি ও যুক্তরাজ্যও এই অঞ্চলে তাদের সমরাস্ত্র পাঠিয়েছে।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস আজ রবিবার (৮ মার্চ) জানিয়েছে, ম্যাক্রোঁ সাইপ্রাসের পাফোস শহরে দেশটির প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলাইডেস এবং গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। এলিসি জানায়, এই সফরের মূল উদ্দেশ্য হলো ইইউ সদস্য রাষ্ট্র সাইপ্রাসের প্রতি ফ্রান্সের কৌশলগত সংহতি প্রদর্শন এবং সম্প্রতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া দেশটির নিরাপত্তা নিশ্চিত করা।

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর আরও উল্লেখ করেছে যে, এই সফর লোহিত সাগর এবং হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরবে। মধ্যপ্রাচ্যের সংঘাত যেভাবে ডালপালা মেলছে, তাতে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ফ্রান্সের জন্য এখন বিশেষ অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version