পর্তুগালের মধ্যাঞ্চলে দূরপাল্লার বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ফ্লিক্সবাস’ তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করায় দেশটির লেইরিয়া এবং মারিনহা গ্রান্দে এলাকার বাসিন্দাদের জন্য ভ্রমণের সুযোগ আরও বৃদ্ধি পেয়েছে।
প্রতিষ্ঠানটি নতুন তিনটি রুট চালু করেছে; যার ফলে লেইরিয়া থেকে মন্তিজো, সাঁও মার্তিনহো দো পোর্তো ও সান্তারেমের মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়েছে। অন্যদিকে মারিনহা গ্রান্দেকে সরাসরি সংযুক্ত করা হয়েছে আভেইরো, ফিগেইরা দা ফজ এবং পেনিশের সঙ্গে।
গত ২ নভেম্বর এই পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়, যার মধ্যে বিদ্যমান জনপ্রিয় রুটগুলোতে বাসের সংখ্যা বাড়ানোও অন্তর্ভুক্ত রয়েছে।
নতুন সূচি অনুযায়ী, লেইরিয়া থেকে সপ্তাহে অতিরিক্ত ৩০টি এবং মারিনহা গ্রান্দে থেকে আরও ৩৪টি বাস ছাড়া হবে; অর্থাৎ দুই পৌরসভা মিলিয়ে প্রতি সপ্তাহে মোট ৬৪টি নতুন ট্রিপ যুক্ত হলো।
লেইরিয়া থেকে এই অতিরিক্ত বাসের কারণে লিসবন, পোর্তো, কইমব্রা, আভেইরো, তোরেস ভেদ্রাস ও নাজারের সঙ্গে যোগাযোগ অনেক উন্নত হবে; যা কর্মজীবী, শিক্ষার্থী ও সাধারণ পর্যটকদের যাতায়াতকে আরও সহজ করবে।
অন্যদিকে মারিনহা গ্রান্দে থেকে প্রতিদিন আভেইরো, ফিগেইরা দা ফজ ও পেনিশের দিকে বাস চলবে। পাশাপাশি লিসবন ও নাজারে রুটেও বাসের সংখ্যা বাড়ানো হয়েছে।
ফ্লিক্সবাস জানিয়েছে, বড় শহরগুলো ছেড়ে অপেক্ষাকৃত ছোট শহরে বসবাস শুরু করা অথচ কাজের প্রয়োজনে নিয়মিত যাতায়াতকারী মানুষের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় নিয়েই এই নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে।
পর্তুগালে ফ্লিক্সবাসের অপারেশন ডিরেক্টর তিয়াগো কাভাকো আলভেস জানান, এই অঞ্চল থেকে যাতায়াতের টিকিটের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তিনি স্থানীয় শিক্ষার্থী জনগোষ্ঠীর ওপর জোর দিয়ে বলেন, প্রস্তাবিত ‘ইউনিভার্সিটি অব লেইরিয়া অ্যান্ড ওস্তে’ প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে এই অঞ্চলে সাশ্রয়ী পরিবহণ ব্যবস্থার প্রয়োজনীয়তা আরও বাড়বে।
নতুন রুটের টিকিট ইতিমধ্যে ফ্লিক্সবাসের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ছাড়াও পাগাকি (Pagaqui) সেলস পয়েন্ট এবং সহযোগী ট্রাভেল এজেন্সিগুলোতে পাওয়া যাচ্ছে।
উদ্বোধনী ছাড়ের আওতায় লেইরিয়া থেকে সান্তারেম রুটের টিকিট শুরু হচ্ছে মাত্র ১ দশমিক ৪৯ ইউরো থেকে এবং লেইরিয়া থেকে মন্তিজো রুটের সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ১ দশমিক ৯৯ ইউরো।
একইভাবে মারিনহা গ্রান্দে থেকে ফিগেইরা দা ফজ ও পেনিশের টিকিট মিলছে ১ দশমিক ৪৯ ইউরোতে এবং আভেইরো রুটের ভাড়া শুরু হচ্ছে ১ দশমিক ৯৯ ইউরো থেকে।
চ্যাটজিপিটিতে মিলবে ফ্লিক্সবাসের তথ্য
পৃথক এক ঘোষণায় ফ্লিক্সবাস জানিয়েছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্ম ‘চ্যাটজিপিটি’র (ChatGPT) সঙ্গে নিজেদের সিস্টেম যুক্ত করেছে। এর ফলে ব্যবহারকারীরা এখন সরাসরি চ্যাটজিপিটিতে প্রশ্ন করেই বাসের রুট ও গন্তব্য খুঁজে নিতে পারবেন।
এই সুবিধার আওতায় বাস ছাড়াও ‘ফ্লিক্সট্রেন’-এর সেবা অন্তর্ভুক্ত রয়েছে; যার মাধ্যমে যাত্রীরা সরাসরি চ্যাটজিপিটি থেকেই বুকিং পেজের লিংকে গিয়ে টিকিট কাটতে পারবেন। ফ্লিক্সবাস বলছে, সাধারণ মানুষের ভ্রমণ পরিকল্পনাকে আরও সহজ ও প্রযুক্তিভিত্তিক করতেই এই চ্যাটবট ফিচার যুক্ত করা হয়েছে।
