শুক্রবার, ৮ই মে, ২০২৬   |   ২৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিনল্যান্ডে অধ্যয়নরত ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের জন্য বসবাসের নিয়ম আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন প্রস্তাবিত আইন অনুযায়ী, কোনো আন্তর্জাতিক শিক্ষার্থী যদি সেদেশের সরকারি আর্থিক সহায়তা বা সমাজকল্যাণ ভাতা গ্রহণ করেন, তবে তা তাঁর রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি বাতিলের সরাসরি কারণ হিসেবে গণ্য হবে। গত ৩০ এপ্রিল ফিনল্যান্ডের পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল পেশ করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীরা যেন নিজেদের খরচ নিজেরা চালাতে পারেন তা নিশ্চিত করা।

প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, বর্তমানে আয় সংক্রান্ত জটিলতায় পারমিট বাতিলের সুযোগ থাকলেও, নতুন নিয়ম অনুযায়ী মাত্র একবার সরকারি সাহায্য নিলেই পারমিট বাতিলের প্রক্রিয়া শুরু হতে পারে। ফিনল্যান্ডের কর্মসংস্থান মন্ত্রী মাতিয়াস মার্তিনেন জানিয়েছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা যেন আর্থিক ঝুঁকিতে না পড়েন এবং অভিবাসন আইনের শর্তগুলো যথাযথভাবে মেনে চলেন, সেটি নিশ্চিত করতেই এই কঠোর অবস্থান। পার্লামেন্টে বিলটি পাস হলে ২০২৬ সালের শরৎকাল থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

শুধুমাত্র ভাতা সংক্রান্ত বিষয়ই নয়, অভিবাসন নীতিতে আরও বড় কিছু পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে ফিনল্যান্ড সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীরা ফিনল্যান্ডে অন্তত এক বছর বসবাসের আগে তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে আসার আবেদন করতে পারবেন না। এছাড়া শিক্ষার্থীদের জন্য ভাষার দক্ষতা এবং জীবনযাত্রার ব্যয়ের ওপর ভিত্তি করে নির্দিষ্ট আয়ের সীমা নির্ধারণ করে দেওয়া হবে। ফিনিশ ইমিগ্রেশন সার্ভিসের তথ্যমতে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী সমাজকল্যাণ ভাতার জন্য আবেদন করায় এই ধরণের কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রশাসন।

তথ্যসূত্র: হেলসিনকি টাইমস 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version