শুক্রবার, ৮ই মে, ২০২৬   |   ২৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের পোর্তো শহরের বাসিন্দাদের জন্য যাতায়াতে এক নতুন ও বৈপ্লবিক যুগের সূচনা হতে যাচ্ছে। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে শহরের সব বৈধ বাসিন্দার জন্য গণপরিবহন সম্পূর্ণ বিনামূল্যে করার এক ঐতিহাসিক প্রস্তাব অনুমোদন করেছে পোর্তো মিউনিসিপ্যাল অ্যাসেম্বলি। এই প্রকল্পের ফলে বাসিন্দারা কোনো ভাড়া ছাড়াই পুরো মেট্রোপলিটন এলাকা জুড়ে বাস ও মেট্রোতে যাতায়াত করতে পারবেন। এই উদ্যোগের ফলে বছরে প্রায় ৬০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন এবং সাধারণ মানুষের যাতায়াত খরচে কোটি কোটি টাকা সাশ্রয় হবে বলে ধারণা করা হচ্ছে।

গত সোমবার রাতে দীর্ঘ আলোচনার পর প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে পাস হয়। প্রকল্পটি বাস্তবায়নে পোর্তো শহর কর্তৃপক্ষকে প্রতি বছর প্রায় ২০.৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬০ কোটি টাকা) ভর্তুকি দিতে হবে। পোর্তোর মোট জনসংখ্যার প্রায় ২৩.৫ শতাংশ বাসিন্দা এই সুবিধার আওতায় আসবেন। বর্তমান ভাড়ার মডেলটি পরিবর্তন করে একটি বিশেষ ‘পোর্তো কার্ড’-এর মাধ্যমে এই সমন্বিত ও বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা চালু করা হবে। যাতায়াত খরচ কমানোর পাশাপাশি শহরের যানজট নিরসন এবং সেবার মান উন্নত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

পোর্তোর মেয়র পেড্রো ডুয়ার্টে জানিয়েছেন, যদিও প্রশাসন চলতি বছর থেকেই এটি কার্যকর করতে চেয়েছিল, তবে আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং প্রশাসনিক জটিলতা এড়াতে ২০২৭ সাল থেকে এটি পূর্ণাঙ্গভাবে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২০২৬ সালের জুলাই মাস থেকেই প্রকল্পের প্রাথমিক কার্যক্রম ও চুক্তির কাজ শুরু হয়ে যাবে। পোর্তোর এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্থানীয় রাজনৈতিক দলগুলো গণপরিবহনের সক্ষমতা বাড়ানো এবং অধিকতর পরিবেশবান্ধব যানের ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: এক্সপ্রেসো 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version