পর্তুগালে বসবাসরত অভিবাসীরা দেশটির সামাজিক নিরাপত্তা (সেগুরান্সা সোশিয়াল) তহবিলে উল্লেখযোগ্য অবদান রাখছেন। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, গত বছর এই তহবিলে অভিবাসীদের অবদান ৪ বিলিয়ন ইউরোরও বেশি।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পর্তুগালের সামাজিক নিরাপত্তা তহবিলে অভিবাসীরা প্রায় ৪ দশমিক ১৫ বিলিয়ন ইউরো জমা দিয়েছেন। এটি তহবিলের মোট অবদানের প্রায় ১৪ শতাংশ।
পরিসংখ্যানে আরও দেখা যায়, বর্তমানে পর্তুগালে ১১ লাখের বেশি বিদেশি কর্মী নিয়মিতভাবে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় অবদান রাখছেন। কর্মসংস্থানের মাধ্যমে তাঁরা কর ও সামাজিক অবদান দিয়ে দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বিশ্লেষকদের মতে, অভিবাসীদের এই অবদান পর্তুগালের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। কারণ, অভিবাসীরা যে পরিমাণ অর্থ তহবিলে জমা দেন, তার তুলনায় সামাজিক সুবিধা হিসেবে তাঁদের জন্য ব্যয় হয় তুলনামূলক কম।
তথ্য অনুযায়ী, গত বছর অভিবাসীরা তহবিলে যেখানে প্রায় ৪ দশমিক ১৫ বিলিয়ন ইউরো দিয়েছেন, সেখানে তাঁদের জন্য সামাজিক সুবিধা খাতে ব্যয় হয়েছে প্রায় ৮২২ মিলিয়ন ইউরো। ফলে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় অভিবাসীদের অবদানের ফলে সরকারের জন্য ৩ বিলিয়ন ইউরোর বেশি উদ্বৃত্ত তৈরি হয়েছে।
গত এক দশকে এই অবদানের পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে যেখানে বিদেশি কর্মীদের অবদান ছিল প্রায় ৪৮১ মিলিয়ন ইউরো, সেখানে ২০২৫ সালে তা বেড়ে চার বিলিয়নের বেশি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শ্রমবাজারে অভিবাসীদের অংশগ্রহণ বাড়ায় দেশটির অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে। বয়স্ক জনসংখ্যা বাড়তে থাকা পর্তুগালে কর্মক্ষম জনশক্তি ধরে রাখতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।


