বাংলাদেশে পরিবেশবান্ধব ও জলবায়ুসহিষ্ণু নির্মাণব্যবস্থার প্রসারে ২ কোটি ইউরো অনুদান দেবে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ‘ইকো-বিল্ড: স্কেলিং আপ গ্রিন কনস্ট্রাকশন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে দুই পক্ষের সঙ্গে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বাংলাদেশ সরকারের পক্ষে এবং জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট জার্মান পক্ষের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
ইউএনবি এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পটিতে জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়ন প্রত্যেকে ১ কোটি ইউরো করে অনুদান দেবে। সব মিলিয়ে অনুদানের পরিমাণ দাঁড়াবে ২ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৭ কোটি ৩৮ লাখ টাকা।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পটির মূল লক্ষ্য, বাংলাদেশের জাতীয় পর্যায়, স্থানীয় সরকার এবং বেসরকারি খাতের নির্মাণশিল্পে পরিবেশবান্ধব ও জলবায়ুসহিষ্ণু নির্মাণপদ্ধতির প্রসার ঘটানো। এ লক্ষ্যে সংশ্লিষ্ট নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা, সরকারি ও বেসরকারি অংশীজনদের সম্পৃক্ততা বাড়ানো এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর মান নিয়ন্ত্রণ ও মানদণ্ড নিশ্চিত করার ব্যবস্থা গড়ে তোলা হবে।
১৯৭২ সাল থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে জার্মানি। এ পর্যন্ত দেশটির সরকার বাংলাদেশে প্রায় ৪০০ কোটি ইউরোর আর্থিক ও কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
বর্তমানে জিআইজেডের মাধ্যমে বাংলাদেশে ১২ কোটি ১৬ লাখ ২০ হাজার ইউরো অনুদানে ২১টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।


