প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়া এবং বই পড়ার অভ্যাস ধরে রাখতে ইতালিতে একটি সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলা প্রেসক্লাব ইতালি।
বাংলাদেশের প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লেখক কামরুল হাসান শায়কের ইতালি সফর উপলক্ষে আয়োজিত এক সাহিত্য আড্ডায় এ দাবি জানানো হয়।
রোববার সন্ধ্যায় রোমের সিলেট কাফি শপে বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে এ আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী ও প্রচার সম্পাদক জায়েদুল হক সোহেল।
অনুষ্ঠানে ইতালি বিএনপির সাবেক সহসভাপতি মাইনুল আলম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, কবি ও সাহিত্যিক আলতাফ হোসেন, বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির সভাপতি আলাউদ্দিন শিমুল, নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, কমিউনিটি ব্যক্তিত্ব মোজাম্মেল হোসেন মোল্লা, নারী নেত্রী জহুরা ঈশিতা এবং বৃহত্তর সিলেট ইয়াং স্টার ক্লাবের সভাপতি প্রিন্স হাসান আহমেদসহ প্রবাসী সাহিত্যিক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও মাতৃভাষার চর্চা ও শেকড়ের সঙ্গে সংযোগ ধরে রাখতে বইয়ের বিকল্প নেই। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং তাঁদের সন্তানদের বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে একটি স্থায়ী পাঠাগার প্রতিষ্ঠা জরুরি।
সংবর্ধিত অতিথি কামরুল হাসান শায়ক প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতে ইতালিতে পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগে সার্বিক সহযোগিতার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
মিনহাজ হোসেন


