ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার জন্য ধারাবাহিক সরকারগুলোর নিরাপত্তানীতিকে দায়ী করেছে দেশটির জাতীয় পুলিশ ইউনিয়ন অ্যালায়েন্স। নিরাপত্তা নিশ্চিত করতে গত ২০ বছর ধরে রাজনৈতিক সাহসের অভাব ছিল বলে অভিযোগ করেছেন ইউনিয়নটির প্রতিনিধি স্তানিসলাস গুদোঁ।
গত সপ্তাহান্তে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ফরাসি রাষ্ট্রের বিরুদ্ধে দায় নির্ধারণের আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ ইউনিয়নটি। তাদের অভিযোগ, পরস্পরবিরোধী নির্দেশনা, দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহৃত মধ্যবর্তী মাত্রার অস্ত্র ব্যবহারে বাধা এবং জনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দলের প্রশিক্ষণের অভাব সহিংসতার পরিস্থিতি তৈরি করেছে। এতে পুলিশ সদস্যসহ অন্যদের জীবন ঝুঁকিতে পড়েছে।
গত সপ্তাহে উন্নত সুযোগ-সুবিধার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্য দিয়ে ফ্রান্সজুড়ে ধারাবাহিক প্রতিবাদ ও সহিংসতা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি এলাকায় সাময়িক কারফিউ জারি করা হয়।
চলতি সপ্তাহান্তেও নতুন করে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আগামী ৫ নভেম্বর সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।


