শক্তিশালী দুই ঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর ইউরোপের বিভিন্ন দেশ। ঝড়ের কারণে দেড় লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে মুঠোফোনের নেটওয়ার্কও।
সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টার ব্যবধানে বয়ে যাওয়া বোয়েলো ও অস্টেন নামের দুই ঝড়ে যুক্তরাজ্যে ৮২ হাজারের বেশি, ফ্রান্সে প্রায় ৬০ হাজার এবং জার্মানিতে অন্তত ১০ হাজার বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
স্কটল্যান্ডের পশ্চিমাঞ্চলের আর্গাইল অ্যান্ড বিউট কাউন্সিল এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। ঝড়ে গাছ ও বিদ্যুতের তার উপড়ে পড়ে বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ বন্ধ হয়ে যায়।
যুক্তরাজ্যের এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ঝড়ের সময় দেশটিতে চার লাখের বেশি বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। শুক্রবার অস্টেন ঝড়ের আঘাতে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের ব্রাইটনে একটি পুরোনো জেটির অংশও উড়ে যায়। ২০০৩ সালে অগ্নিকাণ্ডের পর থেকে জেটিটি অব্যবহৃত অবস্থায় রয়েছে।
ইউরোপে চলতি শরৎকালের প্রথম বড় ঝড়ের তাণ্ডবের মধ্যে ফ্রান্সের উত্তরাঞ্চলেও আঘাত হেনেছে শক্তিশালী ঝোড়ো বাতাস। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভবিষ্যতে আবহাওয়া আরও চরম রূপ নিতে পারে।
ফ্রান্সের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এনেদিস জানিয়েছে, শনিবার অস্টেন ঝড়ের তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে দেশটির প্রায় ২ লাখ ৮৮ হাজার বাড়িতে বিদ্যুৎ ছিল না। রোববার দুপুর পর্যন্ত প্রায় ৫৯ হাজার বাড়িতে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ছিল। এসব বাড়ির বেশির ভাগই নরম্যান্ডি ও ব্রিটানি অঞ্চলে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রতিষ্ঠানটির ২ হাজার ৬০০ কর্মী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা কাজ করছেন।
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফ্রাইবুর্গ ইম ব্রাইসগাউ শহর ও আশপাশের এলাকায় রোববার অস্টেন ঝড়ের কারণে ১০ হাজার বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতির কারণে শহরটির প্রধান হাসপাতাল শুধু জরুরি রোগীদের চিকিৎসা দিতে বাধ্য হয়। একই সঙ্গে মুঠোফোনের নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়।
জার্মান পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার নাসটাটেন শহরে শরৎকালীন মেলা চলার সময় অস্টেন ঝড়ের বাতাসে নির্মাণকাজে ব্যবহৃত একটি মাচা উড়ে যায়। এতে দুজন গুরুতর আহত হন।
জার্মানির আবহাওয়া সংস্থা ডিডব্লিউডি পূর্বাভাস দিয়েছে, রোববার দেশটির উত্তর উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও ঝড় আঘাত হেনেছে। শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গাছ পড়ে চারজন আহত হন।
বাতিল শত শত ফ্লাইট
ঝড়ের কারণে উত্তর ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে কিংবা অন্য পথে পরিচালিত হয়েছে। ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দর নেদারল্যান্ডসের আমস্টারডামের শিফলে রোববার কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়।
বিমানবন্দরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রায় ৯০টি ফ্লাইট বাতিলের হিসাব পেয়েছে বার্তা সংস্থা এএফপি। বাতিল হওয়া ফ্লাইটগুলোর বেশির ভাগই প্যারিস, রোম ও ডাবলিনসহ ইউরোপের বিভিন্ন শহরগামী ছিল। এ ছাড়া শিফলে অবতরণের কথা ছিল, এমন আরও কয়েক ডজন ফ্লাইটও বাতিল করা হয়েছে।
ঝড়ের কারণে ইংল্যান্ডের উত্তরাঞ্চল ও স্কটল্যান্ডেও উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছে।


