বুধবার, ৮ই জুলাই, ২০২৬   |   ২৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখানোকে এক অনন্য নেশায় পরিণত করেছেন বাংলাদেশের ফ্রিস্টাইল ফুটবলার কনক কর্মকার। পায়ে ফুটবল আর বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে একের পর এক রেকর্ড ভেঙে লাল-সবুজের পতাকাকে বিশ্বমঞ্চে সম্মানিত করছেন এই তরুণ। সম্প্রতি ১ মিনিটে সবচেয়ে বেশিবার পিছন দিকে ফুটবল স্টেপ ওভার বা ‘ব্যাকওয়ার্ড ফুটবল স্টেপ ওভার’ করে নিজের ঝুলিতে ২৯ নম্বর বিশ্ব রেকর্ডটি যুক্ত করেছেন তিনি।

এর আগে এই রেকর্ডটির মালিক ছিলেন যুক্তরাজ্যের এক নাগরিক, যার সর্বোচ্চ স্কোর ছিল ৯৯ বার। কনক যুক্তরাজ্যের সেই রেকর্ড ভেঙে মাত্র এক মিনিটে ফুটবলকে ১১৬ বার ব্যাকওয়ার্ড স্টেপ ওভার করে নতুন এই কীর্তি গড়েন। ২০২৫ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে নোয়াখালীতে তিনি এই চ্যালেঞ্জটি সম্পন্ন করেছিলেন, যা সম্প্রতি গিনেস কর্তৃপক্ষ কর্তৃক অফিশিয়ালি স্বীকৃতি পেয়েছে।

২৬ বছর বয়সী এই যুবকের জন্ম কুমিল্লায়। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্বীকৃত একজন অফিশিয়াল ফ্রিস্টাইল ফুটবলার। বর্তমানে পড়াশোনার সুবাদে গ্রিস – সাইপ্রাসে অবস্থান করলেও তাঁর মূল ধ্যান-জ্ঞানজুড়ে রয়েছে ফুটবল। ফুটবলের একনিষ্ঠ ভক্ত কনক তাঁর নতুন এই বিশ্ব রেকর্ডটি উৎসর্গ করেছেন নিজের প্রিয় দল আর্জেন্টিনা এবং ফুটবল জাদুকর লিওনেল মেসিকে।

তবে ২৯টি রেকর্ডেই থেমে যেতে চান না এই ‘রেকর্ড বয়’। কনকের জীবনের মূল লক্ষ্য হলো গিনেস বুকে নিজের দেশের নাম অন্তত ১০০ বার খোদাই করা। শততম রেকর্ডের মাইলফলক ছুঁয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই এখন তাঁর প্রধান লক্ষ্য।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version