পারস্পরিক অংশীদারিত্ব ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ ও মাল্টা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মাল্টার হাইকমিশনার রুবেন গাউসি এবং নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং অভিবাসনসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকের শুরুতে হাইকমিশনার রুবেন গাউসি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তাঁর নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকারের মেয়াদে দুই দেশের সম্পর্ক আরও সুসংহত হবে। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জন্য মাল্টার ভিসা সেবা সম্প্রসারণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দুই দেশই দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি কার্যকর মুক্ত বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে। এছাড়া বৈঠকে বহুপাক্ষিক রাজনীতির ক্ষেত্রেও সহযোগিতার কথা উঠে আসে। প্রতিমন্ত্রী ২০২৬-২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার সপক্ষে মাল্টার সমর্থন কামনা করেন। এছাড়া আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় উভয় দেশ একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
