উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদন গ্রহণ ও কনস্যুলার সেবা দিতে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধিদল।
আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের মাধ্যমে এসব সেবা দেওয়া হবে।
শুক্রবার (২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে অবস্থিত রোমানিয়ার দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে প্রাথমিকভাবে স্টাডি ভিসার আবেদন জমা নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার অনুরোধের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে।
তবে শুধু অফিসিয়াল ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়া আবেদনকারীদের কাছ থেকেই ভিসার আবেদন গ্রহণ করা হবে। যাদের ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন নেই, তারা এই ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে ভিসার আবেদন জমা দিতে পারবেন না।
দূতাবাস আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন সতর্কতার সঙ্গে যাচাই করার পাশাপাশি ঢাকায় আসার আগে প্রয়োজনীয় সব নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে।
