মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর, ২০২৬   |   ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সঙ্কটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৭১ কোটি ইউরোর (৭১০ মিলিয়ন ইউরো) নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর বড় অংশই আফ্রিকার সঙ্কটকবলিত জনগোষ্ঠীর জন্য বরাদ্দ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে দেয়া এক বিবৃতিতে ইইউ’র প্রধান উরসুলা ভন ডার লেয়েন বলেন, ‘সংঘাত, চরম আবহাওয়া এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলের বহু মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আজকের এই সহায়তা প্যাকেজের মাধ্যমে আমরা আফ্রিকার বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পাশাপাশি তাদের আশ্রয় দেয়া স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তা করব।’

বিবৃতিতে বলা হয়, ইইউ সাব-সাহারান আফ্রিকার জন্য ৩৮ কোটি ইউরো বরাদ্দ করবে। এই অর্থ দিয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষা, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়া ও পুনর্বাসনে সহায়তা, অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সঙ্কট মোকাবেলায় কাজ করা হবে।

এছাড়া ইইউ’র জরুরি সহায়তা তহবিল থেকে ২৫ কোটি ২০ লাখ ইউরো বরাদ্দ করা হয়েছে সংঘাত, জোরপূর্বক বাস্তুচ্যুতি, মহামারি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায়।

এই অর্থের একটি অংশ সাব-সাহারান আফ্রিকা, ফিলিস্তিনি ভূখণ্ড ও লেবাননের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেয়া হবে। পাশাপাশি আসন্ন শীত মোকাবেলার প্রস্তুতির জন্য ইউক্রেনকেও সহায়তা দেয়া হবে।

এছাড়া সঙ্কটকবলিত গ্রেট লেকস অঞ্চলে স্থিতিশীলতা বাড়াতে এবং আফ্রিকার পূর্বাঞ্চলে ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রকে সহায়তার জন্য তুলনামূলক কম পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version