রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬   |   ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নতুন সদস্য হিসেবে যোগ দেওয়া দেশগুলোকে ১০ বছরের পরীক্ষাকালে রাখার প্রস্তাবে প্রাথমিক সমর্থন দিয়েছেন জোটভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। এ সময়ে আইনের শাসন লঙ্ঘন কিংবা ইইউর সিদ্ধান্ত গ্রহণে বাধা দেওয়ার মতো গুরুতর ঘটনায় নতুন সদস্যদের ভোটাধিকার স্থগিত করা হতে পারে। মন্টিনিগ্রোকে ইইউতে অন্তর্ভুক্তির চুক্তিতে এ ব্যবস্থা যুক্ত করার ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।

গত মাসে ইউরোপীয় কমিশন এ প্রস্তাব দেয়। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের মতো কোনো নতুন সদস্য যেন জোটের মৌলিক মূল্যবোধ লঙ্ঘন করতে না পারে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভেটো দিয়ে বাধা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ।

কমিশন প্রথমে নতুন সদস্যদের জন্য ১৫ বছরের পরীক্ষাকালের প্রস্তাব দিয়েছিল। তবে ইতালিসহ পশ্চিম বলকান অঞ্চলের দেশগুলোর ইইউতে যোগদানের পক্ষে থাকা কয়েকটি দেশ এত দীর্ঘ সময়ের বিরোধিতা করে। তাদের মতে, ১৫ বছরকে সাময়িক ব্যবস্থা বলা কঠিন।

ইইউ কাউন্সিলের আবর্তনশীল সভাপতির দায়িত্বে থাকা আয়ারল্যান্ড সদস্য দেশগুলোর মধ্যে আলোচনায় ১০ বছরের পরীক্ষাকালের প্রস্তাব দেয়। প্রয়োজনে এ সময় আরও পাঁচ বছর বাড়ানোর সুযোগ রাখার কথাও বলা হয়। বুধবার ইইউর রাষ্ট্রদূতদের বৈঠকে এ প্রস্তাব ব্যাপক সমর্থন পায়।

আলোচনার বিষয়ে সরাসরি অবগত এক ইইউ কূটনীতিকের বরাতে ইউরোনিউজ জানিয়েছে, প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনায় থাকা কর্মকর্তাদের তুলনায় রাষ্ট্রদূতেরা আপসের বিষয়ে অনেক বেশি আগ্রহ দেখিয়েছেন।

তবে কোন ধরনের কর্মকাণ্ডের কারণে নতুন সদস্যদের ভোটাধিকার স্থগিত করা হবে, তা নিয়ে এখনো মতপার্থক্য রয়েছে। ইইউতে যোগদানের সবচেয়ে কাছাকাছি থাকা দেশ মন্টিনিগ্রো বলেছে, এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ মানদণ্ড এবং ইইউর মূল্যবোধ ও নিয়মের ধারাবাহিক লঙ্ঘনকে বিবেচনায় নিতে হবে।

প্রার্থী দেশগুলোর প্রতি সহানুভূতিশীল কয়েকটি সদস্যদেশ ‘সৎ সহযোগিতা’ নীতির লঙ্ঘনকে শাস্তির কারণ হিসেবে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করছে। এ নীতির আওতায় ইইউর সদস্যদের পারস্পরিক সহযোগিতা, সদিচ্ছা এবং জোটের লক্ষ্য বাধাগ্রস্ত না করার বাধ্যবাধকতা রয়েছে। এসব দেশ মনে করে, নীতিটি লঙ্ঘিত হয়েছে কি না, তা বস্তুনিষ্ঠভাবে নির্ধারণ করা কঠিন।

নতুন সদস্যদের ভোটাধিকার পুরোপুরি স্থগিত করার বিষয়েও আপত্তি রয়েছে কয়েকটি দেশের। তাদের আশঙ্কা, এ ব্যবস্থা ব্যবহার করে নতুন সদস্যদের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট অবস্থান থেকে সরে আসতে চাপ দেওয়া হতে পারে। এতে ইইউতে সদস্যদের মধ্যে কার্যত দুই স্তরের ব্যবস্থা তৈরি হবে।

আয়ারল্যান্ড প্রস্তাব করেছে, সুরক্ষাব্যবস্থা কার্যকরের সিদ্ধান্ত যোগ্য সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেওয়া হবে। অর্থাৎ, ইইউর মোট জনসংখ্যার অন্তত ৬৫ শতাংশের প্রতিনিধিত্বকারী সদস্যদেশগুলোর সংখ্যাগরিষ্ঠতার সমর্থন লাগবে। এ প্রস্তাবেও সদস্যদেশগুলো জোরালো আপত্তি জানায়নি।

এখন আলোচনা ভবিষ্যতের সব সদস্যের জন্য সাধারণ নিয়ম নির্ধারণ থেকে মন্টিনিগ্রোর ক্ষেত্রে সেগুলোর প্রয়োগের দিকে এগোবে। মন্টিনিগ্রোর সঙ্গে ইইউর যোগদানের চুক্তিতে সুরক্ষাব্যবস্থার ভিত্তি হবে আয়ারল্যান্ডের প্রস্তাব। ইউরোপীয় কমিশন ২০২৭ সালের জুনের মধ্যে চুক্তিটি সই করাতে চায়।

চুক্তির ৩৫ নম্বর অধ্যায়ের সংশ্লিষ্ট অংশের খসড়া নিয়ে আগামী সপ্তাহের শুরুতে প্রথম কারিগরি আলোচনা হওয়ার কথা রয়েছে। মন্টিনিগ্রোর রাজধানী পডগোরিৎসা এ অংশ নিয়ে সরাসরি আলোচনা করতে না পারলেও এরই মধ্যে সদস্যদেশগুলোর কাছে নিজেদের অবস্থান তুলে ধরছে।

তবে নতুন সদস্যদের জন্য প্রস্তাবিত সুরক্ষাব্যবস্থা শুধু মন্টিনিগ্রোর ক্ষেত্রে প্রযোজ্য হবে, নাকি ভবিষ্যতে ইইউতে যোগ দেওয়া সব দেশের জন্য নজির তৈরি করবে, তা এখনো স্পষ্ট নয়।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version