সোমবার, ৩০ই মার্চ, ২০২৬   |   ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপের বাজারে জনপ্রিয় ‘কিটক্যাট’ চকোলেটের এক বিশাল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বখ্যাত খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে নিশ্চিত করেছে যে, ইতালি থেকে পোল্যান্ডে পরিবহনের সময় প্রায় ১২ টন ওজনের ৪ লাখ ১৩ হাজার পিস কিটক্যাট চকোলেটের একটি বিশাল চালান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। মধ্য ইতালি থেকে পোল্যান্ডের ডিস্ট্রিবিউশন সেন্টারে যাওয়ার পথে এই দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে, যা পুরো ইউরোপের চকোলেট বাজারে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

নেসলে জানিয়েছে, চুরি হওয়া প্রতিটি পণ্যে নির্দিষ্ট ‘ব্যাচ কোড’ রয়েছে, যার ফলে অবৈধভাবে কোনো দোকানে বা ব্ল্যাক মার্কেটে এগুলো বিক্রি করতে গেলে সহজেই ধরা পড়বে। তবুও উৎসবের এই মৌসুমে কিটক্যাটের আকাশচুম্বী চাহিদার কারণে অনেক শোরুম বা সুপারশপে পণ্যটির সাময়িক ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেসলে কর্তৃপক্ষ ইতিমধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

স্থানীয় পুলিশ এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম এবং সুপরিকল্পিত ‘চকোলেট ডাকাতি’ হিসেবে অভিহিত করে তদন্ত শুরু করেছে। গোয়েন্দাদের ধারণা, কোনো আন্তর্জাতিক সংঘবদ্ধ চোরচক্র অত্যন্ত নিখুঁতভাবে এই বিশাল চালানটি সরিয়ে ফেলেছে। ইস্টার উৎসবে শিশুদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা এই চকোলেটের অভাব মেটাতে এখন বিকল্প পথ খুঁজছে ডিস্ট্রিবিউটররা। চকোলেটের এই ‘নিখোঁজ সংবাদ’ এখন সোশ্যাল মিডিয়ায় নেট নাগরিকদের মধ্যে এক নতুন কৌতূহল ও জল্পনার জন্ম দিয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version