সোমবার, ১০ই আগস্ট, ২০২৬   |   ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব উপগ্রহভিত্তিক ব্রডব্যান্ড নেটওয়ার্ক তৈরির পরিকল্পনায় আরও এক ধাপ এগিয়েছে ইউরোপ। এর অংশ হিসেবে ‘আইরিস-২’ স্যাটেলাইট নেটওয়ার্ক সম্প্রসারণে ‘স্পেসরাইজ’ কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করেছে ইউরোপীয় কমিশন। নতুন এই চুক্তির আওতায় নেটওয়ার্কটিতে আরও ৬৬টি কৃত্রিম উপগ্রহ যুক্ত হবে। ফলে মূল বহরে মোট উপগ্রহের সংখ্যা দাঁড়াবে ৩৪৮।

ইউরোপীয় স্পেস এজেন্সির (ইএসএ) সহায়তায় গত ৭ আগস্ট স্পেসরাইজ কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তিটি সই করে ইউরোপীয় কমিশন। এর মাধ্যমে প্রকল্পটি পরিকল্পনা পর্যায় পেরিয়ে বাস্তবায়নের দিকে আরও এক ধাপ এগোল।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকসহ অন্যান্য স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার প্রতিদ্বন্দ্বী হিসেবে আইরিস-২ গড়ে তোলা হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশের সরকার, প্রতিরক্ষা ও সামরিক বাহিনী এবং জরুরি সেবা সংস্থার জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা নিশ্চিত করাই এই নেটওয়ার্কের অন্যতম লক্ষ্য।

আইরিস-২-এর বহরে মোট ৩৪৮টি উপগ্রহ থাকবে। এর মধ্যে ৩৩০টি পৃথিবীর নিম্ন কক্ষপথে (এলইও) এবং ১৮টি মধ্য কক্ষপথে (এমইও) অবস্থান করবে। নির্দিষ্ট কিছু মিশনের জন্য এতে অতিরিক্ত সুবিধাও রাখা হবে।

ইউরোপীয় ইউনিয়নের এই নতুন ফ্ল্যাগশিপ স্যাটেলাইট নেটওয়ার্কটি জরুরি পরিস্থিতিসহ বিভিন্ন সংকটে নিরাপদ যোগাযোগ বজায় রাখতে সহায়তা করবে।

এনডিটিভি

শেয়ার
মতামত দিন...

Exit mobile version