মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬   |   ১৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের সাতটি দেশের বিভিন্ন সুপারমার্কেটে সাইবার হামলার ঘটনায় ফ্রিজ ও ডিপ ফ্রিজের হিমায়ন ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এতে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে বেলজিয়াম ও লুক্সেমবার্গে ডেলহেইজের প্রায় ৪০টি শাখা রয়েছে।

সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এস্তোনিয়া ও ফিনল্যান্ডের কয়েকটি সুপারমার্কেটেও একই ধরনের ঘটনা ঘটেছে। হামলায় কিছু ফ্রিজের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর খবর পাওয়া গেছে।

সোমবার (২ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বেলজিয়ামের ফ্রিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাবকোবেলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান মোয়েলানস বেলগা সংবাদ সংস্থাকে বলেন, এটি একটি সাইবার হামলা। আক্রান্ত ফ্রিজগুলো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করতে প্রতিষ্ঠানটির কর্মীরা রাতভর কাজ করেছেন।

মোয়েলানস জানান, গত মাসে ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটে একই ধরনের হামলার পর থেকেই গ্রাহকদের ফ্রিজের নিরাপত্তা জোরদারে কাজ চলছিল। তবে শুধু সফটওয়্যার হালনাগাদ করলেই হবে না, ফ্রিজের কিছু যান্ত্রিক পরিবর্তনও প্রয়োজন।

ইউরোপের অধিকাংশ সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থা ইন্টারনেটের সঙ্গে যুক্ত। ফলে দূর থেকে এসব যন্ত্রের রক্ষণাবেক্ষণ ও ত্রুটি শনাক্ত করা যায়। তবে এই সংযোগের দুর্বলতা কাজে লাগিয়েই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাবকোবেলের তথ্য অনুযায়ী, আক্রান্ত কিছু ফ্রিজের ‘ইভাপোরেটর’ ডিফ্রস্ট মোডে চলে যাওয়ায় সেগুলোর তাপমাত্রা বাড়তে শুরু করে। ধারণা করা হচ্ছে, গত মাসে ফ্রান্সে চালানো হামলার মতো একই কৌশল এবারও ব্যবহার করা হয়েছে। ওই হামলার পর কয়েক মিলিয়ন ইউরো মূল্যের খাদ্যপণ্য ফেলে দিতে হয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।

বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স অঞ্চলের হুইলার্টে ডেলহেইজের একটি শাখায় প্রায় এক লাখ ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়েছে। তবে দোকান বন্ধ রাখার কারণে সম্ভাব্য অতিরিক্ত আর্থিক ক্ষতি এর মধ্যে অন্তর্ভুক্ত নয়।

ফরাসি মালিকানাধীন সুপারমার্কেট চেইন ক্যারেফোর জানিয়েছে, বেলজিয়ামে তাদের ১৫টি শাখা এ ঘটনায় আক্রান্ত হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সব দোকান খোলা রাখা সম্ভব হয়েছে। দেশটিতে স্পার স্টোর পরিচালনাকারী কোলরুইট গ্রুপের পাঁচটি দোকানের হিমায়ন ব্যবস্থাও আক্রান্ত হয়েছে।

এ ছাড়া বেলজিয়ামের মন্স শহরে সুইডিশ প্রতিষ্ঠান আইকিয়ার একটি দোকানের হিমায়ন ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, অন্য কোনো শাখা আক্রান্ত হয়নি—এমন নিশ্চয়তা তারা দিতে পারছেন না।

সুইডেনের বৃহত্তম খুচরা বিক্রেতা চেইন আইসিএ জানিয়েছে, তাদের কেন্দ্রীয় নেটওয়ার্কের বাইরে পরিচালিত অল্পসংখ্যক দোকান এ ঘটনায় আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত শাখাগুলোকে পরিস্থিতি সামাল দিতে সহায়তা করা হচ্ছে।

দক্ষিণ সুইডেনের সিওবো শহরে আইসিএর একটি শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, রাতের মধ্যে তাদের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে সেট করে দেওয়া হয়েছিল। এ কারণে দোকানটি সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পরে অবশ্য সেটি আবার চালু করা হয়েছে।

সুইডেনের আরেক খুচরা বিক্রেতা কুপ জানিয়েছে, তাদের প্রায় ৮০০টি দোকানের মধ্যে সাতটি এ ঘটনায় আক্রান্ত হয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

প্রতিবেশী ফিনল্যান্ডের কয়েকটি কে-স্টোরেও ফ্রিজে ত্রুটি শনাক্ত হয়েছে। আয়ারল্যান্ডে আক্রান্ত হয়েছে ১৩টি সুপারভ্যালু সুপারমার্কেট। এসব দোকানে নির্দিষ্ট একটি মডেলের ফ্রিজের মধ্যেই সমস্যা সীমাবদ্ধ ছিল।

ডেনিশ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্যানফস জানিয়েছে, নেদারল্যান্ডসেও অন্তত ১৭টি প্রতিষ্ঠানের ফ্রিজ ও হিমায়ন ব্যবস্থা রাতের মধ্যে আক্রান্ত হয়েছে। এস্তোনিয়ায় সেলার নামের একটি সুপারমার্কেটেও একই ধরনের ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম ইআরআরের প্রতিবেদনে আরও কয়েকটি প্রতিষ্ঠানে এমন সমস্যার খবর দেওয়া হয়েছে।

সর্বশেষ হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বেলজিয়াম ও সুইডেনের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাটি পর্যবেক্ষণ করছে। যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারও এ বিষয়ে তথ্য সংগ্রহ করছে। তবে যুক্তরাজ্যে এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিতে হিমায়ন ব্যবস্থার অস্বাভাবিক ত্রুটির ঘটনা তদন্ত করছিল মার্কিন কর্তৃপক্ষ। ফরাসি কর্মকর্তাদের সঙ্গে মিলে ওই ঘটনাগুলোর সঙ্গে ইউরোপের সাম্প্রতিক হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version