মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬   |   ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের ডানপন্থী রাজনীতির উদীয়মান তারকা জর্ডান বারদেলা এবং ইতালীয় রাজকুমারী মারিয়া ক্যারোলিনার প্রেমের গুঞ্জন এখন ইউরোপীয় গণমাধ্যমের প্রধান আলোচ্য বিষয়। ফরাসি সাময়িকী ‘প্যারিস ম্যাচ’ কর্সিকায় এই যুগলের ছুটি কাটানোর কিছু একান্ত ছবি প্রকাশের পর এই সম্পর্কের বিষয়টি সামনে আসে। প্রতিবেদনে তাদের হাত ধরাধরি করে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলোকে ‘একবিংশ শতাব্দীর নতুন রাজকীয় প্রেম’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

৩০ বছর বয়সী জর্ডান বারদেলা ফ্রান্সের প্রভাবশালী রাজনীতিক এবং ভবিষ্যতে দেশটির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচিত। অন্যদিকে, ২২ বছর বয়সী মারিয়া ক্যারোলিনা ইতালির ঐতিহাসিক বোরবোঁ-টু সিসিলিস রাজবংশের উত্তরাধিকারী এবং ফরাসি রাজা চতুর্দশ লুইসের দূরবর্তী বংশধর। গত বছরের মে মাসে মোনাকো গ্রাঁ প্রিতে তাদের প্রথম দেখা হয় এবং চলতি বছরের জানুয়ারিতে প্যারিসের একটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখার পর থেকেই এই প্রেমের গুঞ্জন শুরু হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বারদেলার এই সম্পর্ক তার রাজনৈতিক ক্যারিয়ারে মিশ্র প্রভাব ফেলতে পারে। একদিকে এটি তার ব্যক্তিগত জীবনকে একটি পরিচ্ছন্ন ইমেজ দিতে পারে, অন্যদিকে অতি ধনী অভিজাত পরিবারের সঙ্গে এই ঘনিষ্ঠতা সাধারণ ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির ঝুঁকিও রাখে। মারিয়া ক্যারোলিনা ছয়টি ভাষায় পারদর্শী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হওয়ার কারণে এই যুগলকে নিয়ে এখন পুরো ইউরোপজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version