বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬   |   ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বোর্দোর উপকূলে একটি প্রমোদতরীতে ‘নোরোভাইরাস’ সংক্রমণের সন্দেহে ১,৭০০ জনেরও বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে যে, ১,২৩৩ জন যাত্রীর মধ্যে ইতিমধ্যে ৯০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ৫০ জনের মধ্যে ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি-র তথ্যমতে, জাহাজটিতে গ্যাস্ট্রোএন্টেরাইটিসের একটি সন্দেহজনক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা মূলত নোরোভাইরাসের সাথে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত করতে আক্রান্তদের ওপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। জাহাজে অবস্থানকারী ১,২০০ যাত্রীর পাশাপাশি ৫১৪ জন ক্রু সদস্যকেও সুরক্ষার খাতিরে অবরুদ্ধ রাখা হয়েছে।

অ্যাম্বাসেডর ক্রুজ লাইনের এই জাহাজটি গত ৬ মে স্কটল্যান্ডের শেটল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে যাত্রা শুরু করেছিল। বোর্দো পৌঁছানোর আগে এটি বেলফাস্ট, লিভারপুল এবং পশ্চিম ফ্রান্সের ব্রেস্টে যাত্রাবিরতি নেয়। উল্লেখ্য যে, গত ৯ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ছেড়ে আসা একটি প্রমোদতরীতেও ১০০ জনেরও বেশি মানুষ নোরোভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর মতে, নোরোভাইরাস হলো ডায়রিয়া ও বমির প্রাদুর্ভাবের অন্যতম প্রধান কারণ। এটি অত্যন্ত সংক্রামক এবং আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে এলে, ভাইরাসযুক্ত খাবার বা পানীয় গ্রহণ করলে কিংবা দূষিত কোনো তল স্পর্শ করলে দ্রুত ছড়িয়ে পড়ে। বর্তমানে বোর্দোর উপকূলে থাকা পর্যটকদের নিরাপত্তা ও রোগ ছড়ানো রোধে কঠোর অবস্থান নিয়েছে ফরাসি প্রশাসন।

তথ্যসূত্র: সিস নটিসিয়াস 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version