রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬   |   ২৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম নগরী ক্রাকোভের বিখ্যাত মেইন স্কয়ারে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১২ জন। হামলার পর পুলিশের গুলিতে আহত অবস্থায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৭ নভেম্বর) হামলাকারী গাড়ি চালিয়ে ক্রাকোভের মেইন স্কয়ারে প্রবেশ করেন। এরপর পথচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

পোল্যান্ডের আঞ্চলিক পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। এ সময় তাঁরা হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালান। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে আটক করে হাসপাতালে নেওয়া হয়।

ক্রাকোভ পুলিশের এক মুখপাত্র এএফপিকে টেলিফোনে পাঁচজন নিহত ও আনুমানিক ১২ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছেন এবং তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার স্বার্থে শহরের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র মেইন স্কয়ার ঘিরে ফেলা হয়।

এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, হামলাকারী হাতে অস্ত্র নিয়ে স্কয়ারের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের ওপর গুলি চালাচ্ছিলেন।

ঘটনার নিন্দা জানিয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক বলেছেন, পুলিশ হামলার কারণ ও এর পেছনের সব বিষয় খতিয়ে দেখছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট কারোল নাওরোকি এক্সে দেওয়া এক পোস্টে জানান, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনি বলেন, ‘পোল্যান্ডের নাগরিকদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য পোল্যান্ডে এ ধরনের প্রাণঘাতী গুলির ঘটনা বিরল। ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশটি সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে আগে থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল।

পোল্যান্ডের দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক নগরী ক্রাকোভ বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতি বছর দেড় কোটির বেশি দেশি-বিদেশি পর্যটক শহরটি ঘুরতে আসেন। এমন একটি ব্যস্ত এলাকায় গুলির ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version