ফ্রান্সে ফুড ডেলিভারি খাতের দুই জায়ান্ট ‘উবার ইটস’ ও ‘ডেলিভেরু’-এর বিরুদ্ধে মানবপাচার এবং অভিবাসী শ্রমিকদের শোষণের অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বুধবার প্যারিসের প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দেয় ডেলিভারি কর্মীদের সহায়তায় নিয়োজিত চারটি প্রভাবশালী সংগঠন। সংগঠনগুলোর দাবি, এই প্ল্যাটফর্মগুলোর ব্যবসায়িক মডেল মূলত নথিপত্রহীন এবং অসহায় অভিবাসী শ্রমিকদের অমানবিক পরিবেশে শ্রম শোষণের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এই প্রথমবারের মতো ফ্রান্সে ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে এমন ‘অভূতপূর্ব’ আইনি পদক্ষেপ নেওয়া হলো।
৮০ থেকে ৯০ পৃষ্ঠার দীর্ঘ এই অভিযোগপত্রে ফ্রান্সে কর্মরত প্রায় ৭০ হাজার থেকে এক লক্ষ ডেলিভারি কর্মীর ভয়াবহ কর্মজীবনের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের এক জরিপে দেখা গেছে, এই কর্মীদের ৯৮ শতাংশই বিদেশি এবং প্রায় ৬৪ শতাংশের বৈধ রেসিডেন্স পারমিট নেই। অভিযোগ অনুযায়ী, তারা সপ্তাহে গড়ে ৬৩ ঘণ্টা হাড়ভাঙা খাটুনি খাটলেও মাস শেষে আয় করেন মাত্র ১ হাজার ৪৮০ ইউরোর মতো। অনেক ক্ষেত্রে ২০ কিলোমিটার সাইকেল চালিয়ে একটি ডেলিভারির বিনিময়ে তারা পান মাত্র ৩ ইউরো। এছাড়াও নথিপত্রহীন কর্মীরা অন্যের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে কাজ করতে গিয়ে প্রতি মাসে প্রায় ৬০০ ইউরো পর্যন্ত ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অধিকার সংগঠনগুলো জানিয়েছে, উবার ইটস ও ডেলিভেরু তাদের অ্যালগরিদম ব্যবহার করে কর্মীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং দুর্ঘটনা বা স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রে কোনো বিমা বা সুরক্ষা প্রদান করে না। যদিও উবার ইটস এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে এবং ডেলিভেরু মানবপাচারের অভিযোগকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে। তবে মামলাকারী সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে কার্যকর সমাধান না এলে তারা প্যারিসের আদালতে সমষ্টিগত দেওয়ানি মামলা করবে। এই মামলার মূল লক্ষ্য প্ল্যাটফর্মগুলোর নীতিমালা পরিবর্তন করে শ্রমিকদের জন্য একটি মানবিক ও আইনগত কর্মপরিবেশ নিশ্চিত করা।
তথ্যসূত্র: ইনফো মাইগ্রেন্টস বাংলা
