বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘শান্তিপূর্ণ বহুজাতিক মিশন’ গঠনের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার এলিসি প্যালেস থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই বিশেষ উদ্যোগের কথা জানান। ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথভাবে এই মিশনের নেতৃত্ব দেবে।
প্রেসিডেন্ট ম্যাক্রঁ জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে ফ্রান্স ও যুক্তরাজ্য একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে। যেখানে এই মিশনে অংশ নিতে আগ্রহী দেশগুলোর সাথে বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। মিশনের প্রকৃতি সম্পর্কে তিনি স্পষ্ট করে বলেন, এটি হবে ‘পুরোপুরি রক্ষণাত্মক’। এর মূল উদ্দেশ্য হবে উত্তেজনা প্রশমন করা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী অবাধ নৌ-চলাচল নিশ্চিত করা। পরিস্থিতি অনুকূলে থাকলে যত দ্রুত সম্ভব এই মিশন মোতায়েন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিভিন্ন দেশের জাহাজে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের ঘটনায় বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় দুই শক্তিধর দেশ ফ্রান্স ও যুক্তরাজ্য সরাসরি ভূমিকা পালনের সিদ্ধান্ত নিল। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
