শনিবার, ২৫ই এপ্রিল, ২০২৬   |   ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর সক্রিয় রাজনীতিতে থাকবেন না। সংবিধান অনুযায়ী দুই মেয়াদ পূর্ণ করে ২০২৭ সালে এলিসি প্রাসাদ ছাড়ার পর নতুন কোনো রাজনৈতিক ভূমিকায় ফেরার কোনো পরিকল্পনা নেই বলেও তিনি স্পষ্ট করেছেন। শুক্রবার গ্রিক সাইপ্রাস প্রশাসনে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ম্যাক্রোঁ জানান, প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি যেমন সক্রিয় রাজনীতির সাথে ওভাবে জড়িত ছিলেন না, দায়িত্ব পালন শেষেও তিনি সেই আগের মতোই রাজনীতির বাইরে সাধারণ জীবনে ফিরে যেতে চান। তার মতে, শেষ মেয়াদের এই সময়ে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত বছরগুলোর অর্জন ও সাফল্যগুলো ধরে রাখা এবং যেসব সংস্কার কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে বা সঠিকভাবে সম্পন্ন হয়নি, সেগুলো পুনর্বিবেচনা করা। অসম্পূর্ণ সংস্কার ও অর্জনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাই এখন তার প্রশাসনের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত ইউরোপীয় কাউন্সিলের অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে বর্তমানে সাইপ্রাস সফরে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে তাকে স্বাগত জানান গ্রিক সাইপ্রাস প্রশাসনের নেতা নিকোস ক্রিস্টোডুলিদেস। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপীয় কাউন্সিলের আবর্তিত সভাপতির দায়িত্ব পালন করছে সাইপ্রাস। সেই কূটনৈতিক সফরের ফাঁকেই নিজের রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানার এই ইঙ্গিত দিলেন তিনি, যা ইউরোপীয় রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

তথ্যসূত্র: আরটিভি 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version