শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬   |   ২৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে জার্মানি বিএনপি। ৩০০ আসনের সংসদ সদস্য ও মন্ত্রীদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের জন্য একটি আধুনিক ডাটাবেজ বা সফটওয়্যার প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে চায় সংগঠনটি। বুধবার (১১ মার্চ) জার্মানিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই পরিকল্পনার কথা জানান জার্মানি বিএনপি’র সভাপতি ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম।

দেওয়ান শফিকুল ইসলাম জানান, এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি আসনের সংসদ সদস্য ও মন্ত্রীদের মাসিক কর্মদক্ষতা, স্বচ্ছতা এবং তথ্যভিত্তিক কার্যক্রমের একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে থাকবে। এর ফলে কোনো তৃতীয় পক্ষের ভুল তথ্যে প্রধানমন্ত্রী বিভ্রান্ত হবেন না এবং সরাসরি তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তিনি বলেন, “জার্মানিতে একটি প্রবাদ আছে—বিশ্বাস করা ভালো, কিন্তু নিয়ন্ত্রণ করা আরও উত্তম। আমরা চাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে।”

দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় আসায় এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় সন্তোষ প্রকাশ করে দেওয়ান শফিক বলেন, ব্যক্তিগত কোনো প্রাপ্তির আশা থেকে নয়, বরং দল ও দেশের স্বার্থেই তারা এই প্রযুক্তিগত সহায়তা দিতে চান। উল্লেখ্য, এর আগে জার্মানিতে সেমিনারের মাধ্যমে ইভিএমের কারিগরি ত্রুটি ও ভোট কারচুপির বিষয়টি প্রথম তুলে ধরেছিলেন এই দেওয়ান শফিকুল ইসলাম ও তার সংগঠন, যার প্রেক্ষিতে পরবর্তীতে বিএনপি ইভিএম বাতিলের দাবিতে অটল ছিল।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি এই ডাটাবেজ পরিচালনার সক্ষমতা ও আগ্রহের কথা জানিয়েছেন। এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার এক নতুন অধ্যায় সূচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version