মঙ্গলবার, ২৮ই এপ্রিল, ২০২৬   |   ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের রাজধানী লিসবনে ৮ জন বাংলাদেশি প্রবাসীর অংশগ্রহণে চার দিনব্যাপী একটি মঞ্চনাটক শুরু হয়েছে। লিসবনের বেলেমে অবস্থিত সেন্ট্রো কালচারাল দে বেলেম (সিসিবি) মিলনায়তনে ১২ থেকে ১৫ মার্চ পর্যন্ত এই নাট্য আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকরা জানান, শো শুরুর আগেই সব টিকিট বিক্রি হয়ে যায়, ফলে শুরু থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

নাটকটির মূল বিষয়বস্তু ইউরোপে অভিবাসীদের জীবনসংগ্রাম। এতে ইউরোপে আসা বাংলাদেশি অভিবাসীদের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম, অনিশ্চয়তা ও সংকটের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। নাটকে অভিনয় করেছেন ৮ জন বাংলাদেশি প্রবাসী, পাশাপাশি অংশ নিয়েছেন দুইজন পর্তুগিজ ও একজন নেপালের অভিনেতা।

নাটকটি নির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পর্তুগিজ নির্মাতা মার্কো মার্টিনস। তিনি বাংলাদেশি অভিবাসীদের ইউরোপে আসার পেছনের গল্প, তাদের নানা সংকট ও মানসিক লড়াই নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

এ নাটকে অভিনয় করেছেন বাংলাদেশি মাল্টি-ডিসিপ্লিন শিল্পী নাসরিন সরকারও। তিনি নোটিসিয়াস বাংলাকে বলেন, বিভিন্ন শিল্পমাধ্যমে কাজ করলেও এই ধরনের থিয়েটারে কাজ করা তার জন্য প্রথম অভিজ্ঞতা। তিনি বলেন, “এই কাজটি যেমন চ্যালেঞ্জিং ছিল, তেমনি আমার জন্য সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা তৈরি করেছে।”

চার দিনব্যাপী এই নাট্য আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও অভিবাসীদের জীবনভিত্তিক এমন আরও সাংস্কৃতিক আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version