শুক্রবার, ১৫ই মে, ২০২৬   |   ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কেল-এর একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে ‘কে ক্লাব’ নামক ওই বিনোদন কেন্দ্রে আগুন লাগলে হুড়োহুড়ি পড়ে যায়। তবে সৌভাগ্যবশত, ভেতরে থাকা প্রায় ৭৫০ জন অতিথিকে দ্রুত ও সফলভাবে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, ফ্রান্স সীমান্তের কাছে অবস্থিত এই নাইটক্লাবটিতে রাত ৩টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ছবিতে দেখা যায়, শিল্প এলাকায় অবস্থিত ক্লাবটির ছাদ থেকে আগুনের বিশাল কুণ্ডলী বের হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ক্লাবে থাকা ৭৫০ জনই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ধোঁয়ার কারণে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কাউকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়েনি। কয়েক মাস আগে সুইজারল্যান্ডের ক্রানস-মন্টানা স্কি রিসোর্টের একটি বারে অগ্নিকাণ্ডে ৪১ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনার তুলনায়, কেলের এই উদ্ধার অভিযান অত্যন্ত সুশৃঙ্খল ও সফল ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

‘কে ক্লাব’ মূলত হিপ-হপ এবং অ্যাফ্রো মিউজিকের জন্য পরিচিত। রাইন নদীর ওপারে অবস্থিত ফ্রান্সের স্ট্রাসবার্গ শহর থেকে প্রচুর বিনোদনপ্রেমী নিয়মিত এই ক্লাবে যাতায়াত করেন। বিশেষ করে আলসাস অঞ্চলের তরুণদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ঘটনার নেপথ্যে কোনো যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা উদঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version