দীর্ঘ ২০ বছরের মধ্যে এই প্রথমবার ইউরোপের ঐতিহাসিক শহরগুলোর মধ্যে সরাসরি ট্রেন যোগাযোগ চালু হতে যাচ্ছে। ২০২৮ সালে একটি নতুন সরাসরি ট্রেন সার্ভিস চালুর মাধ্যমে নরওয়ের রাজধানী ওসলো এবং জার্মানির রাজধানী বার্লিন সরাসরি রেলপথে সংযুক্ত হবে। এই সম্পূর্ণ পথটি পাড়ি দিতে ট্রেনটির আনুমানিক ১৫ ঘণ্টা সময় লাগবে। নরওয়ের জাতীয় রেলওয়ে, ডেনমার্কের ডিএসবি এবং জার্মানির ডয়েচে বান এই তিন দেশের রেলওয়ের যৌথ সহযোগিতার কারণে যাত্রীদের পুরো রাস্তায় একটি ট্রেনও বদলানোর প্রয়োজন হবে না।
জার্মানির ডয়েচে বাহনের আধুনিক ‘আইসিই এল’ ট্রেনগুলো হামবুর্গ, কোপেনহেগেন, মালমো এবং গোথেনবার্গের মতো বড় বড় শহরের ওপর দিয়ে দুই দেশের রাজধানীকে যুক্ত করবে। যাত্রাপথে ট্রেনটি মস, ফ্রেড্রিকস্টাড, সার্পসবার্গ, হ্যালডেন, ট্রলহ্যাটান, গোথেনবার্গ, হালমস্টাড, হেলসিংবার্গ, লুন্ড, মালমো এবং কোপেনহেগেন বিমানবন্দরসহ প্রধান প্রধান স্টেশনে থামবে। আধুনিক সুযোগ-সুবিধা, রেস্তোরাঁ কামরা (বগি) এবং পারিবারিক সেকশনযুক্ত এই ট্রেনগুলো এরপর ওডেন্সে, কোল্ডিং, প্যাডবর্গ এবং হামবুর্গ হয়ে শেষ গন্তব্য বার্লিনে পৌঁছাবে।
তথ্যসূত্র: ইন্ডিপেনডেন্ট
