বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬   |   ৩০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানির কোলন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় একটি রোবট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রোবটটি নিয়ন্ত্রণের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

অভিযোগ অনুযায়ী, লাল ও সোনালী রঙের প্রায় চার ফুট (১২০ সেন্টিমিটার) উচ্চতার রোবটটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং তার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করে। এতে ভয় পেয়ে চিৎকার করে সেখান থেকে সরে যায় কিশোরী।

নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ধারণা, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গী পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন এবং এ নিয়ে মন্তব্য করছিলেন।

পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে শহরের কেন্দ্রস্থলের কাছে একটি ফাস্টফুড দোকানের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় রোবটটি কিশোরী ও তার বন্ধুদের পেছন থেকে এগিয়ে এসে তাদের কাছে পৌঁছায়।

জরুরি সেবা বিভাগে খবর দেওয়ার পর ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে দুই তরুণকে খুঁজে পায় পুলিশ। এ সময় একটি গাড়ির পেছনে লুকিয়ে রাখা রোবটটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রকাশ করা ছবিতে রোবটটির মুখে কালো গোঁফ আঁকা এবং গলায় সোনালী চেইন ও গায়ে সাদা গেঞ্জি দেখা যায়।

রোবটটি ছাড়াও সন্দেহভাজন দুই তরুণের দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। ঘটনার সময় কেউ ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পরে ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে পুলিশ সতর্ক করে জানায়, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য সীমা ছাড়িয়ে যেতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version