সোমবার, ৯ই মার্চ, ২০২৬   |   ২৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের নানা প্রান্তে চলমান সংঘাত ও অস্থিরতার মাঝেও নারী অধিকার, সমতা এবং শক্তির জয়গান গেয়েছেন ইউরোপীয় শীর্ষ নেতারা। উরসুলা ফন ডার লিয়েন থেকে শুরু করে ভলোদিমির জেলেনস্কি, পেদ্রো সানচেজ এবং জর্জিয়া মেলোনির মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন এবং সমঅধিকার প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্ন অগ্রগতির আহ্বান জানিয়েছেন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বিশ্বজুড়ে নিপীড়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া নারী ও কন্যাশিশুদের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি এক বার্তায় বলেন:

“নিপীড়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া নারী ও কন্যাশিশুদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আপনারা নিজেদের ভেতরের শক্তিকে খুঁজে নিন এবং কখনো কোনো পরিস্থিতিতেই পিছু হটবেন না।”

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশ রক্ষায় নারীদের অসামান্য ত্যাগের কথা উল্লেখ করেছেন। তিনি রণক্ষেত্রে নিয়োজিত নারী যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে বলেন:

“দেশ রক্ষায় আপনাদের অসীম সাহসিকতার জন্য আমি কৃতজ্ঞ। যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে দৈনন্দিন জীবন—সবখানেই আপনারা যে শক্তি ও দৃঢ়তার পরিচয় দিচ্ছেন, তা আমাদের জন্য বড় অনুপ্রেরণা।”

উল্লেখ্য যে, ২০২৫ সালে ইউক্রেনীয় সামরিক বাহিনীতে নারী কর্মীর সংখ্যা ২০% বেড়ে ৭০,০০০ অতিক্রম করেছে, যার মধ্যে ৫,৫০০ জন সরাসরি সম্মুখ সমরে নিয়োজিত।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক ভিডিও বার্তায় লিঙ্গভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি রুখে দেওয়ার ঘোষণা দিয়ে বলেন:

“আমরা কখনোই অধিকারের বদলে ঘৃণাকে স্থান নিতে দেব না। নানামুখী বাধা ও অপচেষ্টা সত্ত্বেও নারীবাদী আন্দোলনকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিতে হবে।”

অন্যদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নারী দিবসের গুরুত্বকে প্রাত্যহিক জীবনের অংশ করার আহ্বান জানিয়ে বলেন:

“৮ই মার্চ আমাদের সেই দায়িত্বের কথা মনে করিয়ে দেয় যা কেবল একদিনের নয়, বরং প্রতিদিনের। আমরা এমন এক ইতালি গড়তে চাই যেখানে কোনো নারীকে তার স্বাধীনতা, কর্মজীবন বা পরিবারের মধ্যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য হতে হবে না।”

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একমত পোষণ করে জানিয়েছেন যে, সমতা কেবল নারীদের জন্য নয়, বরং সবার জন্য মঙ্গলজনক।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version