পিৎজায় আনারস ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়ে অস্ট্রেলিয়ায় চাকরি হারিয়েছেন এক ইতালীয় শেফ। নিজের সংস্কৃতির প্রতি অসম্মানজনক দাবি করে পিৎজায় আনারস দিতে রাজি হননি তিনি। এ নিয়ে রেস্তোরাঁর মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে চাকরি হারানোর পর অন্যায্যভাবে বরখাস্তের অভিযোগ করেন অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক কমিশনে (এফডব্লিউসি)। তবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করায় তাঁর অভিযোগ খারিজ হয়ে গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ডেভিডে তাম্বুরেল্লা নামের ওই শেফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ইতালীয় রেস্তোরাঁ লা কোস্তার প্রধান রাঁধুনি ছিলেন। তিন বছরের বেশি সময় কাজ করার পর গত ২০ মে তাঁকে চাকরিচ্যুত করা হয়। রেস্তোরাঁটির ব্যবস্থাপনা পরিচালক এলিয়ট ইনগ্রামের অভিযোগ, অন্তত তিনবার পিৎজায় আনারস ব্যবহারে অস্বীকৃতি জানিয়েছিলেন তাম্বুরেল্লা।
অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক কমিশনের শুনানিতে জানা যায়, চাকরিচ্যুতির প্রায় দুই সপ্তাহ আগে কর্মদক্ষতা নিয়ে আলোচনার জন্য তাম্বুরেল্লাকে বৈঠকে ডেকেছিলেন রেস্তোরাঁর মালিক। সেখানে পিৎজায় আনারস ব্যবহারে তাঁর অনীহার বিষয়টিও আলোচনায় আসে।
বিরোধের সূত্রপাত হয় ১৫ হাজার অস্ট্রেলীয় ডলার ব্যয়ের একটি অনুষ্ঠানের খাবারের তালিকায় আনারসযুক্ত পিৎজার অর্ডার আসার পর। এ সময় তাম্বুরেল্লা তাঁর বসকে ইতালীয়দের কাছে পিৎজায় আনারস না দেওয়ার গুরুত্ব যাচাই করে দেখতে বলেন।
ইনগ্রাম জানান, হ্যাম ও আনারস দিয়ে তৈরি পিৎজা তাঁর নিজেরও খুব একটা পছন্দ নয়। তবে আতিথেয়তা শিল্পে ১৭ বছরের অভিজ্ঞতায় তিনি বুঝেছেন, কোন বিষয়ে আপস করতে হবে, তা জানা জরুরি। রেস্তোরাঁটির শিশুদের খাবারের তালিকায় আগে থেকেই হ্যাম ও আনারসের পিৎজা ছিল।
তাম্বুরেল্লার বিরুদ্ধে শুধু আনারস নিয়ে আপত্তি নয়, কর্মক্ষেত্রে ভাষার ব্যবহার এবং ক্ষোভ প্রকাশের প্রবণতা নিয়েও অভিযোগ ছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেন তিনি।
চাকরি হারানোর প্রভাব পড়ে তাম্বুরেল্লার অভিবাসনপ্রক্রিয়াতেও। নিয়োগকর্তার পৃষ্ঠপোষকতায় অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের জন্য ১৮৬ সাবক্লাস ভিসার আবেদনপ্রক্রিয়ায় তিন বছরের বেশি সময় ধরে ছিলেন তিনি। তবে চাকরিচ্যুতির পর রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাঁর ভিসার আবেদনপ্রক্রিয়া বন্ধ করে দেয়।
এদিকে গত জুলাইয়ে ইজারার মেয়াদ শেষ হওয়ায় লা কোস্তা রেস্তোরাঁটিও বন্ধ হয়ে যায়। বর্তমানে অন্য একটি ইতালীয় রেস্তোরাঁয় কাজ করছেন তাম্বুরেল্লা। তবে সেখানে খাবারের তালিকায় আনারস নেই।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য দেশটির বাণিজ্যিকভাবে উৎপাদিত আনারসের প্রধান উৎস। আর হ্যাম ও আনারস দিয়ে তৈরি হাওয়াইয়ান পিৎজা প্রথম পরিবেশন করা হয় ১৯৬২ সালে কানাডার অন্টারিওতে। গ্রিক বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী স্যাম পানোপোলস এর প্রচলন করেন।
